মঙ্গলবার

২১ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ০৬:৫৯

শেয়ার

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে শহরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

নির্ধারিত সময়ের খেলায় দুই দলই গোলশূন্য থাকে। শুরু থেকেই রক্ষণ মজবুত রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা চালায় উভয় দল। বয়সভিত্তিক প্রতিযোগিতা হওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময়ে না গিয়ে সরাসরি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল মাহিন ভারতের ঋষির শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন। এরপর মুর্শেদ আলী প্রথম শটে গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। ভারতের মোহাম্মদ আরবাশ সমতা ফেরান। চন্দন রায় গোল করলে বাংলাদেশ আবার এগিয়ে যায়, পরে ভারতের স্যামসন সমতা ফেরান ২-২। ফাহিমের সফল শটে স্কোর হয় ৩-২, তবে বিশাল যাদব গোল করে ম্যাচে উত্তেজনা বাড়ান।

বাংলাদেশের স্যামুয়েলের শট ক্রসবারে লেগে ফিরে এলে ভারতের সামনে সুযোগ তৈরি হয়, কিন্তু ওমাং দোদং বল ক্রসবারের ওপর দিয়ে মারলে সেই সুযোগ হাতছাড়া হয়। শেষ পর্যন্ত রোনান সুলিভানের নেওয়া নিখুঁত শট জালে জড়ালে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত হাজারো বাংলাদেশি সমর্থক উল্লাসে ফেটে পড়েন। প্রধানমন্ত্রী এক বার্তায় দলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এমন সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।



banner close
banner close