শুক্রবার

৩ এপ্রিল, ২০২৬ ২০ চৈত্র, ১৪৩২

বিশ্বকাপ ফাইনালের টিকিট ১৩ লাখ টাকা ছুঁইছুঁই, ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ১৮:২১

শেয়ার

বিশ্বকাপ ফাইনালের টিকিট ১৩ লাখ টাকা ছুঁইছুঁই, ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা
ছবি সংগৃহীত

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ–এর ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য আকাশছোঁয়া হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা। ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম পৌঁছেছে প্রায় ১০ হাজার ৯৯০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার টাকা।

শুধু ফাইনালই নয়, টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকো–এর ম্যাচগুলোতে মূল্যবৃদ্ধি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম প্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা এবং তৃতীয় ক্যাটাগরির টিকিটের মূল্য প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফিফা–র ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে, যা সাধারণ সমর্থকদের জন্য টিকিট কেনা আরও কঠিন করে তুলেছে।

এই নীতির প্রতিবাদ জানিয়েছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। সংস্থাটি অভিযোগ করেছে, অতিরিক্ত মূল্যবৃদ্ধি ও অস্বচ্ছ বিক্রয় প্রক্রিয়া সমর্থকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।

এদিকে, টিকিট বিক্রির পদ্ধতিও প্রশ্নের মুখে পড়েছে। লটারি এবং ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ পদ্ধতির কারণে লাখো সমর্থক দীর্ঘক্ষণ অনলাইনে অপেক্ষা করেও টিকিট পাননি। অনেকেই প্রযুক্তিগত ত্রুটি, ভুল কিউ এবং ওয়েবসাইটে প্রবেশজনিত সমস্যার অভিযোগ তুলেছেন।

এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এর লিংকে প্রবেশ করেও অনেক সমর্থক সঠিক পেজে ঢুকতে পারেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।

এক সমর্থক মন্তব্য করেছেন, এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন ধনীদের ইভেন্টে পরিণত হয়েছে। আরেকজন বলেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না, তার ওপর দামও বাড়ছে—এটা চরম বিশৃঙ্খলা।

উল্লেখ্য, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, যার টিকিটের দামও তুলনামূলকভাবে বেশি নির্ধারণ করা হয়েছে।



banner close
banner close