এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১-০ গোল ব্যবধানে হেরেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল-এর কাছে। ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিক দল একমাত্র গোলটি করে।
ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। রক্ষণভাগও প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সামাল দেয়। তবে ৩১তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল হজম করে বাংলাদেশ। সিঙ্গাপুরের ফরোয়ার্ডের প্রথম শট গোলরক্ষক মিতুল মারমা প্রতিহত করলেও ফিরতি বলে ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলটি হয়।
এর সাত মিনিট পর সমতা ফেরানোর সুযোগ পায় বাংলাদেশ। বক্সের মধ্যে শেখ মোরসালিনের শট ডিফেন্ডারের গায়ে লেগে গোললাইনের দিকে গেলে ফয়সাল আহমেদ ফাহিম বল ধরতে গিয়ে পড়ে যান। এ সময় পেনাল্টির আবেদন করা হলেও রেফারি তা মঞ্জুর করেননি।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে একাধিক আক্রমণ চালায় বাংলাদেশ, তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি দলটি। ফলে এক গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
বাছাইপর্বে বাংলাদেশের শুরু হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ছয় ম্যাচে একটি জয়, দুটি ড্র ও তিন হার নিয়ে মোট ৫ পয়েন্ট অর্জন করে বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আরও পড়ুন:








