রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল: ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ২০:৩২

শেয়ার

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল: ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ
ছবি সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এই ম্যাচের ফলে সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

রানার্স আপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে খেলবে ভুটানের বিপক্ষে।

ম্যাচের ১৭তম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর আক্রমণের ধার বাড়িয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে দলটি। কর্নার কিক থেকে আব্দুল রিয়াদ ফাহিমের ভলিতে গোলটি হয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ভারতের এক খেলোয়াড়ের ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড এবং বাংলাদেশের ইংলিশ হেড কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দেখান।

৩৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের ডিফেন্ডার আশিকুর রহমান। স্ট্রেচারে করে তাকে বাইরে নেওয়া হলে স্থলাভিষিক্ত হন আব্দুল রিয়াদ ফাহিম।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৬৪তম মিনিটে ভারতের ওমং দোদুমের ফাঁকা জায়গায় শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন।

শেষ দিকে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ জেনে ভারত রক্ষণে মনোযোগ দিলেও বাংলাদেশ শীর্ষস্থান দখলের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলের ড্র হয়।



banner close
banner close