শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ০৯:৫৩

শেয়ার

১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা
ছবি সংগৃহীত

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবারের মতো মোকাবিলা করা আফ্রিকান দেশ মৌরিতানিয়ার কাছে ২-১ গোলে জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান প্রথম, অপরদিকে মৌরিতানিয়া ১১২তম। দুই দলের ব্যবধান ১১১ ধাপ হলেও ম্যাচের ফলাফলে সেই ব্যবধান প্রতিফলিত হয়নি।

বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দলের অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রাখেন কোচ স্কালোনি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর্জেন্টিনার পক্ষে দুটি গোল করেন এনজো ফার্নান্দেজ ও নিকো পাজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে মেসি মাঠে নামলে তাকে করতালিতে স্বাগত জানায় দর্শকরা। তবে এই ম্যাচে গোলের দেখা পাননি তিনি। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান কমায় মৌরিতানিয়া। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জর্ডান লেফোর্ট গোল করলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

পরিসংখ্যান বলছে, বল দখলে আর্জেন্টিনা ছিল ৬৪ শতাংশ। গোলের জন্য স্বাগতিকরা ৭টি শট নিয়েছিল, যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অন্যদিকে মৌরিতানিয়া ১১টি শটের মধ্যে সমান ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

আগামী ১ এপ্রিল ভোরে জাম্বিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার আগে এই কষ্টসাধ্য জয় পেলেন স্কালোনির শিষ্যরা।



banner close
banner close