বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

বিসিবি পরিচালকের বিরুদ্ধে ২ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে জিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৭:৪৮

শেয়ার

বিসিবি পরিচালকের বিরুদ্ধে ২ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে জিডি
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর-এর বিরুদ্ধে ২ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা রাজধানীর রমনা মডেল থানা-য় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্যে বলা হয়েছে, ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের অনুরোধে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ওই সময় ডা. কাজী মাজহারুল ইসলাম ও ডা. শাকিল আহমেদ-এর উপস্থিতিতে তাকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এর একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে এবং বাকি অংশ নগদে প্রদান করা হয়।

অভিযোগকারী মো. সালাহউদ্দিন ভূঞা জানান, লেনদেনের পর আসিফ আকবর ৩৯ লাখ টাকা ফেরত দিলেও অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করেননি। তিনি আরও জানান, পাওনা টাকা ফেরতের জন্য বারবার যোগাযোগ করা হলেও আসিফ আকবর সময়ক্ষেপণ করেছেন।

নিজের নিরাপত্তার বিষয় বিবেচনায় আইনি পদক্ষেপ হিসেবে জিডি করা হয়েছে বলে উল্লেখ করেন অভিযোগকারী। রমনা মডেল থানার ডিউটি অফিসার আবু হানিফ আবেদনে স্বাক্ষর করেছেন।

এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে।

এ বিষয়ে আসিফ আকবরের বক্তব্য পাওয়া যায়নি। অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।



banner close
banner close