সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এ ম্যাচে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভানের জোড়া গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে বাংলাদেশ পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে। কোচ মার্ক কক্সের অধীনে দলটি প্রতিযোগিতায় ইতিবাচক সূচনা পেল।
ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে পারেনি বাংলাদেশ। একাধিক সুযোগ সৃষ্টি হলেও ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তীব্রতা বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া একটি ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন রোনান সুলিভান।
৬১ মিনিটে পাকিস্তান একটি গোল করলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল করা হয়। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের বাড়ানো লং পাস থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন সুলিভান।
বাকি সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ এবং পাকিস্তানকে উল্লেখযোগ্য কোনো সুযোগ সৃষ্টি করতে দেয়নি। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা অতিরিক্ত সময়েও গোল শোধে ব্যর্থ হয় পাকিস্তান।
আরও পড়ুন:








