সোমবার

১৬ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৩:২৩

শেয়ার

রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
ছবি: সংগৃহীত

লা লিগায় দাপট ধরে রেখেছে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠে সেভিয়াকে ৫–২ গোলে হারিয়েছে তারা।

কাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। নবম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে জোয়াও কানসেলোকে ফাউল করায় পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।

২১তম মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কানসেলোর শট সেভিয়ার ডিফেন্ডার জোয়াও কার্মোনার হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দ্বিতীয়বারও সুযোগ নষ্ট করেননি রাফিনিয়া, স্পট কিক থেকে ব্যবধান বাড়ান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল পায় বার্সেলোনা। ৩৮তম মিনিটে সেভিয়ার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে গোল করেন দানি ওলমো। তবে ইনজুরি সময়ে একটি গোল শোধ করে সেভিয়া, ভলিতে দারুণ শটে জাল খুঁজে নেন হুয়ানলু সানচেজ।

বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৫১তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। ফারমিন লোপেজের তৈরি করা সুযোগে তার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে যায়।

এরপর ৬০তম মিনিটে একক নৈপুণ্যে গোল করেন জোয়াও কানসেলো। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে শক্তিশালী শটে গোল করে ব্যবধান আরও বাড়ান তিনি। শেষ দিকে একটি সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানডোভস্কি। ইনজুরি সময়ে জিব্রিল সু একটি গোল করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেনি সেভিয়া।

এই জয়ে ২৮ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৭০। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে সেভিয়া।



banner close
banner close