মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। বাংলাদেশ স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয়ে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে স্বাগতিক দল।
অন্যদিকে, সিরিজে টিকে থাকতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। এই লক্ষ্যে দলে একটি পরিবর্তন আনে সফরকারীরা। প্রথম ম্যাচে খেলা স্পিনার আবরার আহমেদের জায়গায় পেসার হারিস রউফকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়।
প্রথম ম্যাচে পাকিস্তানের টপঅর্ডার ভেঙে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেওয়া পেসার নাহিদ রানা দ্বিতীয় ম্যাচেও দলে আছেন। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের আত্মবিশ্বাসের কথা জানান। তিনি বলেন, প্রথম ম্যাচটি ছিল দুর্দান্ত শুরু। দীর্ঘ বিরতির পর ওয়ানডে খেলতে নেমে চ্যালেঞ্জিং পরিস্থিতি সামলে সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে। খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
আরও পড়ুন:








