নাহিদ রানার দুর্দান্ত বোলিং ও তানজিদ হাসান তামিমের অপরাজিত ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করার পর ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটি পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা সবচেয়ে সফল ছিলেন। তিনি ২৪ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৩টি এবং তাসকিন আহমেদ একটি উইকেট নেন।
পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদ রানার আঘাতে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। সাহিবজাদা ফারহান ২৭ রান করে আউট হলে ৪১ রানের জুটি শেষ হয়। এরপর নিজের পরবর্তী স্পেলে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে আউট করে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দেন নাহিদ।
এরপর আক্রমণে এসে মেহেদি হাসান মিরাজ আব্দুল সামাদ, হোসাইন তালাত ও শাহিন আফ্রিদিকে আউট করেন। তাসকিন আহমেদও একটি উইকেট তুলে নেন। ৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে শেষ উইকেটে আবরার আহমেদকে সঙ্গে নিয়ে ৩২ রানের জুটি গড়ে দলকে একশ পার করতে সহায়তা করেন ফাহিম আশরাফ।
১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তিনি ৪ রান করে আউট হন। এরপর তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। ৩২ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম ৬৭ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ভর করে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১১৫ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আরও পড়ুন:








