যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিশ্চয়তা পেয়েছেন। আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ইরান খেলতে পারবে বলে ট্রাম্প আশ্বস্ত করেছেন।
সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। বৈঠকে বিশ্বকাপের প্রস্তুতি এবং ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ফিফা সভাপতি ইনস্টাগ্রামে জানান, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইরানি দলকে স্বাগত জানানো হবে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ইরান। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দেশটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবর পাওয়া যায়।
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ফিফার উদ্বেগের বিষয়টি ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্থাপন করেন ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেন, বিশ্বকাপের মতো আয়োজন মানুষকে একত্রিত করার বিরল সুযোগ তৈরি করে। ট্রাম্পের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে। ১২ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই মহাযজ্ঞের।
আরও পড়ুন:








