বুধবার

১১ মার্চ, ২০২৬ ২৭ ফাল্গুন, ১৪৩২

নাহিদের প্রথম ফাইফারে বিপর্যস্ত পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

নাহিদের প্রথম ফাইফারে বিপর্যস্ত পাকিস্তান
ছবি সংগৃহীত

মিরপুরে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চাপে ফেলেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। নিজের প্রথম পাঁচ ওভারের মধ্যেই পাঁচ উইকেট শিকার করে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়েছেন তিনি। ২২.১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৭৭ রান।

ইনিংসের শুরুতে নতুন বলে মিতব্যয়ী বোলিং করেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে দুই অভিজ্ঞ পেসারই উইকেটের দেখা পাননি। ফলে সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যান বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নিজেও বোলিংয়ে এলেও শুরুতে সাফল্য পাননি তিনি।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে বল তুলে দেওয়া হয় নাহিদ রানার হাতে। আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন ওপেনার সাহিবজাদা ফারহান। ২৭ রান করে ফিরলে ভাঙে পাকিস্তানের ৪১ রানের উদ্বোধনী জুটি।

এরপর নিজের পরের চার ওভারের প্রতিটিতেই উইকেট নেন নাহিদ। তিনি যথাক্রমে শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন অধিনায়ক মিরাজও। ওভারের শেষ বলে আব্দুল সামাদকে লিটন দাসের গ্লাভসে ক্যাচ করান তিনি। এরপর ২৩তম ওভারে হোসাইন তালাতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এতে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।



banner close
banner close