বাংলাদেশে পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন শোনা গেলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। আজ বিষয়টি পরিষ্কার করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
সম্প্রতি আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের এই সফর স্থগিত হতে পারে বলে কিছু বিদেশি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সিরিজটি নিয়ে ক্রিকেটপাড়ায় আলোচনা শুরু হয়।
তবে বিসিবি জানিয়েছে, সিরিজ স্থগিত বা পেছানো সংক্রান্ত কোনো চিঠি বা সিদ্ধান্ত পিসিবি এখনো তাদের জানায়নি।
এ বিষয়ে গণমাধ্যমকে নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'পরিস্থিতি যদি এমন হয় যে তারা আসতেই পারছে না, তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। তবে এখন পর্যন্ত পিসিবি এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি।'
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকা পৌঁছানোর কথা পাকিস্তান ক্রিকেট দলের।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিরিজ নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন থাকলেও বিসিবি তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজ আয়োজনের সব ধরনের প্রস্তুতি স্বাভাবিক নিয়মেই এগোচ্ছে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ৫০ ওভারের ফরম্যাটে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
এছাড়া গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের পর এটিই হবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ফেরা।
আরও পড়ুন:








