ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
এ প্রসঙ্গে বিসিবি সিইও বলেন, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’
বোর্ডের একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদে’র হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি। সেখানে তিনি লেখেন, ‘জরুরি পারিবারিক প্রয়োজনে আমি দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসব।’
বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকেই বিসিবিতে অস্থিরতা বিরাজ করছে। বোর্ড পরিচালকদে’র মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সংবাদমাধ্যমের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে দেশের ক্রিকেটাঙ্গনে।
এদিকে বিসিবি’র প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু আজ বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর ক্রিকেটের বর্তমান অচলাবস্থা কাটবে।
নান্নু বলেন, ‘নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি এখন সব কিছু নিয়মের মধ্যে ফিরবে। ক্লাবগু্লোর সঙ্গে বিসিবি’র যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা জরুরি।’
বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের অধীনে অনেক ক্লাবই ঘরোয়া লিগে অংশ নিতে অনীহা প্রকাশ করে আসছিল। এই ‘বিসিবি বনাম ক্লাব’ দ্বন্দ্বের বিষয়ে নান্নু সাফ জানিয়ে দেন যে, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা চলবে না।
তিনি বলেন, ‘আমাদের কাছে ক্রিকেটই সবার আগে। সব কিছুর উপরে বাংলাদেশ—এই নীতি মেনে আমাদের এগোতে হবে। খেলার মাঠে কোনো আপস নেই। আমরা চাই সবার জন্য একটি সুন্দর সমাধান আসুক।’
আরও পড়ুন:








