বুধবার

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২ মাঘ, ১৪৩২

ভারতে বিশ্বকাপ খেলতে রাজি নয় ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১৪:৫১

শেয়ার

ভারতে বিশ্বকাপ খেলতে রাজি নয় ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটিতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের খবরে ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে আপত্তি জানিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম। এই পরিস্থিতিতে আইসিসির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে উদ্বেগ বাড়ছে। পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই স্বাস্থ্যঝুঁকির কারণে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করেছে। শুধু ইংল্যান্ড নয়, ইউরোপের আরও কয়েকটি দেশও ভারতের ভেন্যু নিয়ে শঙ্কায় রয়েছে বলে দাবি করা হয়েছে।

জিএনএন এইচডির একটি আলোচনায় অংশ নেয়া সাংবাদিকরা বলেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন সহজ হবে না। তাদের মতে, শুরু থেকেই আয়োজনের সিদ্ধান্তে ঘাটতি ছিল এবং এখন ভাইরাসের সংক্রমণ সেই শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে।

তবে বাস্তবতা হলো শেষ মুহূর্তে এসে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা অত্যন্ত কঠিন। কারণ ২০ দলের এই টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচের মধ্যে মাত্র ২০টি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা, বাকি ম্যাচগুলো ভারতে। সব ম্যাচ এক দেশে সরিয়ে নেওয়া এখন বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এর আগে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে জানায়, ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। সেই প্রেক্ষাপটে এখন নতুন করে পুরো টুর্নামেন্ট সরানো কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে ভারতের নিপা ভাইরাস পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। আলজাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, যা করোনাভাইরাসের তুলনায় অনেক বেশি মারাত্মক।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইতোমধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের নির্দেশ দিয়েছে। এমন কড়াকড়ির মধ্যে বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ হবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।

এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের মতো স্বাস্থ্যঝুঁকি নিয়ে অত্যন্ত সতর্ক দেশগুলো তাদের দল পাঠানো নিয়ে পুনর্বিবেচনা করতেই পারে। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে আইসিসির সামনে কঠিন সিদ্ধান্তের চাপ বাড়ছে।



banner close
banner close