শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৬ আষাঢ়, ১৪৩৩

বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০১

শেয়ার

বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল
ছবি: সংগৃহীত

আর্নে স্লটের অধীনে চলতি মৌসুমে রীতিমতো উড়ছে লিভারপুল। অন্যদিকে ক্লাবটিতে নিজের শেষ সময়ে একের পর এক ব্যক্তিগত মাইলফলক গড়ছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তার জোড়া গোলে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। যা ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অন্যদের চেয়ে অলরেডদের ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে।

শনিবার প্রতিপক্ষ বোর্নমাউথের মাঠে লিভাপুলের সঙ্গে লড়াইটা হয়েছে প্রায় সমানে সমান। স্কোরবোর্ড যদিও স্বাগতিকদের পক্ষে কথা বলছে। ম্যাচের দুই অর্ধে গোল হয়েছে একটি করে। গত সেপ্টেম্বরে চলতি আসরে দুই দলের প্রথম দেখায় লিভারপুল অ্যানফিল্ডে ৩-০ গোলে জিতেছিল। এবার বোর্নমাউথকে তাদের মাঠেই ধরাশায়ী করেছে দারুণ আত্মবিশ্বাসী অলরেড শিবির।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি-আক্রমণে দুই দলই সুযোগ তৈরির চেষ্টা চালায়। ফলে ম্যাচটি ছিল বেশ গতিময়। যদিও গোলের দেখা পাচ্ছিলো না কেউ। সেই অপেক্ষার অবসান হয় ৩০তম মিনিটে। স্বাগতিকদের ডি-বক্সে কোডি গাকপো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পটকিকে অলরেডদের লিড এনে দেন সালাহ। আর তখনই মিশরীয় তারকার মাইলফলক পূর্ণ হয়ে যায়। ইউরোপের সব দল মিলিয়ে এটি ছিল সালাহর ৩০০তম গোল।

একই গতি অব্যাহত রেখে বিরতির পরও দুই দল আক্রমণ চালিয়ে যায়। স্বাগতিকদের সাফল্য না পাওয়ার হতাশার মাঝেই দ্বিতীয় দফায় আঘাত হানেন সালাহ। ৭৫ মিনিটে কার্টিস জোন্সের পাস বক্সে পেয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে তিনি গোলটি করেন। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় স্বাগতিক বোর্নমাউথের গ্যালারি।

এটি ইউরোপের ক্লাবের হয়ে সালাহর ৩০১তম গোল। ২৩৬টিই এসেছে লিভারপুলের জার্সিতে। এ ছাড়া প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সালাহর গোলসংখ্যা এখন ২১। তারচেয়ে তিন গোলে পিছিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল আর্লিং হালান্ডের।

সালাহ অবশ্য এদিন আরেকটি মাইলফলক গড়েছেন। এ নিয়ে লিভারপুলের হয়ে ইপিএলের পাঁচ মৌসুমে ২০ বা তার বেশি গোল করলেন তিনি।



banner close
banner close