শুক্রবার

১৩ নভেম্বর, ২০২৬ ২৯ কার্তিক, ১৪৩৩

মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১১:৫৫

শেয়ার

মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট, বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা
ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের জনপ্রিয় সেবা আউটলুক ও টিমস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ বিভ্রাটে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন সরকারি দপ্তর ও করপোরেট প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়েছে।

সার্ভার জটিলতায় বিপর্যস্ত ই-মেইল ও ক্লাউড সেবা

মাইক্রোসফট জানিয়েছে, সেবা স্বাভাবিক করার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে না। দীর্ঘস্থায়ী ট্রাফিক ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে সার্ভারের সক্ষমতা বাড়াতে বিকল্প কর্মপন্থা ও রুট খোঁজা হচ্ছে।

ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিপর্যয় চরমে পৌঁছায়। ওই সময় শুধু যুক্তরাষ্ট্রেই আউটলুক ব্যবহারে সমস্যার বিষয়ে ১ লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। রাত সাড়ে ৯টার দিকেও ২৫ হাজারের বেশি অভিযোগ সক্রিয় ছিল। শুক্রবার স্থানীয় সময় ভোরে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশেও মাইক্রোসফটের একাধিক সেবা অচল হওয়ার তথ্য পাওয়া যায়।

মাইক্রোসফটের সার্ভিস হেলথ নোটিশে বলা হয়েছে, মাইক্রোসফট ৩৬৫-এর যেসব ফিচার সরাসরি এক্সচেঞ্জ অনলাইন ও ই-মেইলের ওপর নির্ভরশীল, সেগুলোই মূলত এ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এক্সচেঞ্জ অনলাইনের বাইরে থাকা অন্যান্য সেবা সচল রয়েছে।

এক্সচেঞ্জ অনলাইন মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক মেসেজিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ই-মেইল, ক্যালেন্ডার, কন্টাক্ট ও দৈনন্দিন কাজের সমন্বয় করা হয়।

সাইবার হামলার আশঙ্কা নাকচ অস্ট্রেলিয়ার মন্ত্রীর

এ ঘটনায় সাইবার হামলার আশঙ্কা নাকচ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও সাইবার নিরাপত্তামন্ত্রী টনি বার্ক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাইক্রোসফটের ধারণা অনুযায়ী এটি কোনো হ্যাকিং বা সাইবার আক্রমণ নয়। বরং ২০২৪ সালে ক্রাউডস্ট্রাইক সফটওয়্যারের আপডেটজনিত ত্রুটিতে বিশ্বজুড়ে যে ইন্টারনেট বিপর্যয় ঘটেছিল, বর্তমান সমস্যাটিও অনেকটা সে ধরনের কারিগরি ত্রুটির কারণে হয়ে থাকতে পারে।

মন্ত্রী আরও জানান, এ বিভ্রাটের মূল প্রভাব পড়েছে ই-মেইল ব্যবস্থায়। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলোও এর কবলে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও জানিয়েছে, তাদের ব্যবহারকারীরা এ বিভ্রাটের কারণে সমস্যায় পড়েছেন। সমস্যা সমাধানে সংসদীয় প্রকৌশলীরা মাইক্রোসফটের সঙ্গে কাজ করছেন।

সেবা পুনরুদ্ধারে কাজ করছে মাইক্রোসফট

এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে মাইক্রোসফট জানিয়েছিল, আকস্মিকভাবে বেশ কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়ায় এ সংকট তৈরি হয়েছে। এর পেছনে অতিরিক্ত ট্রাফিকের কোনো ভূমিকা নেই বলে তখন জানানো হয়েছিল।

সন্ধ্যা ৬টার দিকে প্রতিষ্ঠানটি জানায়, পুনরুদ্ধার করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। ব্যবহারকারীরা পুনরায় সংযুক্ত হতে শুরু করায় ধাপে ধাপে সেবার মান স্বাভাবিক হচ্ছে।

ওপেনএআই ও অ্যানথ্রপিকের সেবাতেও প্রভাব

মাইক্রোসফটের এ বিভ্রাটের প্রভাব পড়েছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের মাইক্রোসফট কানেক্টরে ত্রুটি দেখা দেওয়ায় নতুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং টুলগুলো ঠিকমতো কাজ করছে না।

আরেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক জানিয়েছে, আপস্ট্রিম প্রোভাইডারের সমস্যার কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টর সেবাও বিঘ্নিত হচ্ছে।

এদিকে বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের তারিখ পিছিয়ে গেছে। ১২ নভেম্বর ফলাফল প্রকাশের কথা থাকলেও মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটে কার্যক্রম ব্যাহত হওয়ায় তা পিছিয়ে আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসেও মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। ওই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ব্যবহারকারী ও বিভিন্ন শিল্প খাতের কার্যক্রম ব্যাহত হয়েছিল।