মঙ্গলবার

২৭ অক্টোবর, ২০২৬ ১২ কার্তিক, ১৪৩৩

মাইগভের ওয়েবসাইট বন্ধ, আটকে আছে ৪৪০ সরকারি সেবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৯

শেয়ার

মাইগভের ওয়েবসাইট বন্ধ, আটকে আছে ৪৪০ সরকারি সেবা
ছবি সংগৃহীত

সরকারি সেবার একক ডিজিটাল প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। প্রায় ৪৪০টি সরকারি সেবা পাওয়া যায় এ প্ল্যাটফর্মে। ওয়েবসাইটটি বন্ধ থাকায় আবেদন, নথি জমা ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।,

রোববার (২৫ অক্টোবর) থেকে মাইগভের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। মঙ্গলবার (২৭ অক্টোবর)। সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাইটটি বন্ধ ছিল। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ওয়েব সার্ভার ডাউন’ বার্তা দেখা যাচ্ছে। এদিকে, প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে জরুরি রক্ষণাবেক্ষণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।,

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি সংশোধনের অংশ হিসেবে ওয়েবসাইটের সংস্করণ ও একাধিক ডোমেইন হালনাগাদ করা হচ্ছে। কয়েক দফা পরীক্ষা শেষে মঙ্গলবারের মধ্যে সেবাটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

ওয়েবসাইট বন্ধ থাকায় জরুরি নথি জমা ও সংগ্রহ নিয়ে বিপাকে পড়েছেন আবেদনকারীরা। কিন্তু ওয়েবসাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, সাইবার নিরাপত্তার স্বার্থে ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে ত্রুটি সংশোধনের প্রয়োজন হতে পারে। তবে এ ধরনের পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা রাখা এবং আবেদনকারীদের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী সময়সীমা বাড়ানো জরুরি।

অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই) উদ্যোগের আওতায় পরিচালিত মাইগভ প্ল্যাটফর্মে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ সেবা নিয়ে থাকেন। ই-অ্যাপোস্টিল, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন সনদ, ট্রেড লাইসেন্স, অনুমতি ও অনুদানের জন্য আবেদনসহ নানা সরকারি সেবা পাওয়া যায় এখানে।,

ওয়েবসাইটটি বন্ধ থাকায় এসব সেবা গ্রহণে সাময়িক বিঘ্ন তৈরি হয়েছে। দ্রুত সাইটটি সচল করে আবেদনকারীদের ভোগান্তি কমানোর প্রত্যাশা সংশ্লিষ্টদের।,