বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

এআই ব্যবহার করে ৬৫ বছর বয়সী নারীর প্রতারণার ফাঁদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৬

শেয়ার

এআই ব্যবহার করে ৬৫ বছর বয়সী নারীর প্রতারণার ফাঁদ
ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক চীনা নারীর বিরুদ্ধে। এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবি ব্যবহার করে ওই ব্যবসায়ীর কাছে নিজেকে ২৯ বছর বয়সী চিকিৎসক হিসেবে পরিচয় দেন তিনি। বাস্তবে তিনি একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। এভাবে পাঁচ মাসে প্রায় ১ লাখ ৭০ হাজার ইউয়ান হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুয়া পরিচয়ে চিকিৎসক সেজে প্রতারণা

পুলিশ জানিয়েছে, ওই নারীর নাম ইউ শিউঝেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভুয়া পরিচয় তৈরি করেছিলেন। এরপর ফেস-চেঞ্জিং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিজেকে সাংহাইয়ের একটি বড় হাসপাতালের চিকিৎসক হিসেবে উপস্থাপন করতেন।

প্রায় পাঁচ বছর ধরে ইউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৭ হাজার এআই-নির্মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন। তার ফলোয়ারের সংখ্যা প্রায় ১০ হাজার।

সাংহাইভিত্তিক নির্মাণ ঠিকাদার লিউ হুই ২০২১ সালে ইউয়ের ভুয়া অ্যাকাউন্টটি দেখতে পান। ইউ তাকে জানান, হাসপাতালে তার পদমর্যাদার কারণে তিনি বড় নির্মাণকাজের চুক্তি পাইয়ে দিতে সাহায্য করতে পারবেন।

ব্যবসায়িক সম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক

ব্যবসায়িক সুবিধা পাওয়ার আশায় লিউ ইউয়ের সঙ্গে অনলাইনে যোগাযোগ বাড়াতে থাকেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

লিউ বারবার দেখা করা কিংবা ভিডিও কলে কথা বলার অনুরোধ করলেও ইউ প্রতিবারই ভিন্ন ভিন্ন অজুহাতে তা প্রত্যাখ্যান করতেন।

পরে ইউ আরও একটি ভুয়া পরিচয় তৈরি করেন। এবার তিনি নিজেকে লিউয়ের কথিত প্রেমিকার মা হিসেবে পরিচয় দেন। তিনি লিউকে জানান, তার মা এই সম্পর্কের বিরোধিতা করছেন।

এরপর ভুয়া মা সেজে ইউ লিউয়ের কাছে তিন লাখ ইউয়ান বিয়ের যৌতুক দেওয়ার পাশাপাশি স্থানীয় এলাকায় একটি বাড়ি কেনার দাবি করেন।

পাঁচ মাসে ১ লাখ ৭০ হাজার ইউয়ান পাঠান ব্যবসায়ী

লিউ তার কথা বিশ্বাস করে পাঁচ মাসে মোট ১ লাখ ৭০ হাজার ইউয়ান তাকে পাঠান। কিন্তু কোনো ব্যবসায়িক চুক্তি না আসায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

তদন্তে পুলিশ ইউকে শনাক্ত করে জানতে পারে, তিনি আসলে ৬৫ বছর বয়সী একজন পরিচ্ছন্নতাকর্মী। পুলিশ আরও জানতে পারে, এর আগে তিনি একটি প্রতারণার মামলায়ও জড়িত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ইউয়ের আসল মা কয়েক বছর আগেই মারা গেছেন। প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ তিনি কসমেটিক সার্জারি, দামি ত্বকের যত্নের পণ্য ও নতুন পোশাক কেনার পেছনে খরচ করেন।

ভিডিওতেই ছিল এআই ব্যবহারের সতর্কবার্তা

পরে পুলিশ ইউয়ের ভিডিওগুলো পরীক্ষা করে দেখতে পায়, ভিডিওগুলোর মধ্যে ছোট একটি সতর্কবার্তা দেওয়া ছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

পুলিশ যখন লিউকে ওই সতর্কবার্তাটি দেখায়, তখন তিনি জানান, আধুনিক এআই প্রযুক্তি সম্পর্কে তিনি খুব বেশি জানতেন না। ফলে ভিডিওতে থাকা সতর্কবার্তাটি তার নজরে পড়েনি।

সূত্র: সামা টিভি