প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পৃথিবীর তাপমাত্রা নিয়মিত নতুন রেকর্ড গড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে চলতি বছর ইতিহাসের অন্যতম উষ্ণতম বছর হিসেবে রেকর্ড হতে পারে। একই সঙ্গে আসন্ন সুপার এল নিনোর কারণে আগামী বছরগুলোয় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তারা।
আগস্টে ভাঙল উষ্ণতার রেকর্ড
একিউওয়েদারের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসন্ন সুপার এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা মারাত্মকভাবে বাড়ছে।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট ইতিহাসের উষ্ণতম আগস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। সাধারণত জুলাই বছরের উষ্ণতম মাস হলেও এ বছর আগস্ট জুলাইয়ের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে।
একিউওয়েদারের আবহাওয়াবিদ টাইলার রয়স জানান, বায়ুমণ্ডল ও মহাসাগরের সর্বত্র তাপমাত্রার এই ব্যাপক বিস্তার লক্ষ করা যাচ্ছে। এল নিনো দ্রুত শক্তিশালী হয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ও বৃষ্টির ধরন সম্পূর্ণ বদলে দিতে পারে।
বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি
এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু চক্র, যা প্রতি দুই থেকে সাত বছর পরপর ঠান্ডা ও উষ্ণ দশার মধ্যে পরিবর্তিত হয়। উষ্ণ দশায় বিষুবীয় প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মহাসাগরে সঞ্চিত এই অতিরিক্ত তাপশক্তি ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং চরম আবহাওয়ার সৃষ্টি করে।
যুক্তরাষ্ট্রের মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রচণ্ড তাপপ্রবাহের ঝুঁকিও বহুগুণ বেড়েছে।
বিজ্ঞানীদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই জলবায়ুসংকট মানবসভ্যতার জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
সূত্র: ডেইলি মেইল
আরও পড়ুন:







