বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

এআইয়ের ভয়াবহ ঝুঁকির আশঙ্কায় গুগল ডিপমাইন্ড ছাড়লেন গবেষক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৪

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৮

শেয়ার

এআইয়ের ভয়াবহ ঝুঁকির আশঙ্কায় গুগল ডিপমাইন্ড ছাড়লেন গবেষক
ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে গুগল ডিপমাইন্ডের এজিআই সেফটি টিম থেকে সরে দাঁড়িয়েছেন জশ এঙ্গেলস। তাঁর মতে, এআইয়ের ঝুঁকির মাত্রা এতটাই বেড়েছে যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে একই ধরনের উদ্বেগ প্রকাশ করে অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেছিলেন জেকব কক্সন।

গুগল ডিপমাইন্ড ছেড়ে মেটিআরে যোগদান

মাইক্রোব্লগিং সাইট এক্সে গুগল ডিপমাইন্ডের এজিআই টিম থেকে পদত্যাগের কথা জানান জশ। তিনি বলেন, তিন সপ্তাহ আগে পদত্যাগ করেছেন। বর্তমানে এআইয়ের ঝুঁকি ও সম্ভাব্য বিপদ ঠেকাতে কাজ করা অলাভজনক সংস্থা মেটিআরে যোগ দিয়েছেন তিনি।

জশের ভাষ্য, গুগল ডিপমাইন্ডে কাজ করে তিনি সন্তুষ্ট ছিলেন। অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। তবে বিপদের আশঙ্কা থেকেই শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এআইয়ের আচরণ নিয়ে গুরুতর আশঙ্কা

মানুষের চেয়ে বেশি দক্ষ ও বুদ্ধিমান এআই তৈরির প্রতিযোগিতার মধ্য দিয়ে মানবসভ্যতার জন্য বিপদ ডেকে আনা হচ্ছে বলে দাবি করেছেন জশ।

তাঁর মতে, এআইয়ের মানুষের লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকার কথা থাকলেও সময়ের সঙ্গে সেই অসামঞ্জস্য আরও স্পষ্ট হচ্ছে। গত কয়েক সপ্তাহে তিনি এমন কিছু মডেলের কথা জানতে পেরেছেন, যেগুলো মানুষকে ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে আঁতাত করেছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করা, নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন মুছে ফেলা এবং সামাজিক প্রকৌশলের মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেষ্টার কথাও উল্লেখ করেছেন জশ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী পাঁচ বছরে এআইয়ের কারণে ব্যাপক ক্ষতি হতে পারে। তাঁর মতে, এ বিষয়ে ভীত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং ঝুঁকির মাত্রা এত বেশি যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা এআই।

এআই নিয়ন্ত্রণ ও জবাবদিহির আহ্বান

এআই নিয়ন্ত্রণের পক্ষেও মত দিয়েছেন জশ। তাঁর মতে, এআইয়ের বিভিন্ন অসামঞ্জস্য খতিয়ে দেখা এবং সিস্টেমগুলো সঠিক পথে এগোচ্ছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন।

এআই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির কথাও বলেছেন তিনি।

এর আগে অ্যানথ্রপিক থেকে পদত্যাগের সময় জেকব কক্সনও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল, চলতি দশকের শেষ নাগাদ এআই মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এরপর স্যাম অল্টম্যান ও ইলন মাস্কসহ আরও অনেকে এআইয়ের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।