রবিবার

৫ জুলাই, ২০২৬ ২১ আষাঢ়, ১৪৩৩

মানব স্নায়ুকোষ দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১১:০৬

শেয়ার

মানব স্নায়ুকোষ দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি ইরানের
ছবি সংগৃহীত

মানব স্নায়ুকোষ ব্যবহার করে পরীক্ষাগারে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি করেছে ইরান। দেশটির বিজ্ঞানীরা এমন একটি জীবন্ত স্নায়বিক কাঠামো তৈরি করেছেন, যা শেখার সক্ষমতা সম্পন্ন স্নায়বিক নেটওয়ার্ক গঠন করতে পারে।

ইরানের জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব আতাউল্লাহ পুর-আব্বাসি দেশটির সংবাদ সংস্থা মেহরকে এ তথ্য জানিয়েছেন।,

তিনি বলেন, ইরানের গবেষকরা মানবদেহের বাইরে স্নায়ুকোষ বৃদ্ধি করার প্রযুক্তি আয়ত্ত করেছেন। এসব স্নায়ুকোষ নিজেদের মধ্যে সংযোগ তৈরি করে শেখার সক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।

ইরানের জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব আতাউল্লাহ পুর-আব্বাসি

তার ভাষ্য, এই সাফল্য ভবিষ্যতে মস্তিষ্কের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির পথ খুলে দেবে। ইতোমধ্যে দেশের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এর পরীক্ষামূলক নমুনাও তৈরি করেছে।

আতাউল্লাহ পুর-আব্বাসি জানান, এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি প্রসেসর প্রচলিত সিলিকনভিত্তিক প্রসেসরের তুলনায় অনেক বেশি গতিতে কাজ করতে পারবে। একই সঙ্গে বিদ্যুৎ খরচ প্রায় ১০ লাখ গুণ পর্যন্ত কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই কারণেই জীবন্ত কোষভিত্তিক প্রসেসর প্রযুক্তি এখন বিশ্বের অনেক দেশের কাছে কৌশলগত গুরুত্ব পাচ্ছে এবং আগামী প্রজন্মের কম্পিউটার প্রযুক্তি উন্নয়নে এ নিয়ে কাজ চলছে।

তবে এই প্রযুক্তি এখনই বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য নয়। তারপরও ইরান দাবি করেছে, কৃত্রিম মস্তিষ্ক তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা তারা ইতোমধ্যেই অর্জন করেছে।

সূত্র: ইরানী সংবাদ সংস্থা মেহর



banner close
banner close