বৃহস্পতিবার

২ জুলাই, ২০২৬ ১৮ আষাঢ়, ১৪৩৩

আজীবন সঙ্গ দেবে-নতুন এআই রোবট আনল চীনা প্রতিষ্ঠান

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১১:৪৯

শেয়ার

আজীবন সঙ্গ দেবে-নতুন এআই রোবট আনল চীনা প্রতিষ্ঠান
ছবি সংগৃহীত

একাকীত্ব দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত মানুষের মতো দেখতে নতুন একটি হিউম্যানয়েড রোবট বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবটিক্স। প্রতিষ্ঠানটির দাবি, রোবটটি ব্যবহারকারীর ‘আজীবন সঙ্গী হবে’ এবং সব সময় তার পাশে থাকবে।

বুধবার (১ জুলাই)। এনডিটিভির এল প্রতিবেদনে এ তথ্য দেয়।

রোবটটির নাম ইউ১। এতে রয়েছে চোখে ক্যামেরা, বুকে সেন্সর এবং শব্দ শনাক্তকারী মাইক্রোফোন। এটি ব্যবহারকারীর সঙ্গে কথা বলতে পারে, হাত ধরতে পারে এবং সময়ের সঙ্গে তার অভ্যাসও শিখে নিতে পারে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, রোবটটি কখনো ব্যবহারকারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। সব সময় পাশে থাকবে এবং নিঃশর্তভাবে সঙ্গ দেবে।

রোবটের চেহারা, চুল ও পোশাক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে। চাইলে এটি প্রিয়জন, কোনো তারকা বা কল্পিত চরিত্রের মতোও তৈরি করা যাবে।

রোবটটি ব্যবহারকারীর ক্লান্তি বা মানসিক চাপ বুঝে সান্ত্বনামূলক কথা বলতে পারে। ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া, স্বাস্থ্যগত ঝুঁকির ইঙ্গিত দেওয়া বা একসঙ্গে খেলা দেখার প্রস্তাব দেওয়ার মতো কাজও করতে পারে।

তবে এটি ঘরের কাজ, রান্না বা অন্য কোনো গৃহস্থালি কাজ করতে পারে না। যৌনসঙ্গী হিসেবেও এটি তৈরি করা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।,

ইউবিটেক রোবটিকস জানায়, রোবটটির মূল ক্রেতা হিসেবে একা বসবাসকারী ব্যক্তি ও ৬০ বছরের বেশি বয়সীদের লক্ষ্য করা হয়েছে।

এরই মধ্যে ১৩ হাজার ৩০০টির বেশি আগাম অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। আগামী সেপ্টেম্বর থেকে সরবরাহ শুরু হবে।

রোবটটির প্রাথমিক সংস্করণের দাম ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান (প্রায় ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার) যা বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা। উন্নত সুবিধাসম্পন্ন আল্ট্রা সংস্করণের দাম ৯ লাখ ৯০ হাজার ইউয়ান (প্রায় ১ লাখ ৪৫ হাজার ৭০০ মার্কিন ডলার) যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।

বিশেষজ্ঞরা জানান, বয়স্কদের সেবা ও মানসিক সুস্থতায় এ ধরনের রোবটের সম্ভাবনা রয়েছে। তবে মানুষের মতো দেখতে হলেও তা যেন অস্বস্তিকর না লাগে, সেই চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং যন্ত্রের প্রতি অতিরিক্ত মানসিক নির্ভরশীলতা নিয়েও উদ্বেগ রয়েছে।,



banner close
banner close