শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

স্বপ্নের ডাটাবেজ হ্যাক, ডার্ক ওয়েবে ছড়িয়েছে গ্রাহক তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৮:৪৫

শেয়ার

স্বপ্নের ডাটাবেজ হ্যাক, ডার্ক ওয়েবে ছড়িয়েছে গ্রাহক তথ্য
ছবি সংগৃহীত

দেশের জনপ্রিয় সুপারশপ স্বপ্নের গ্রাহক ডাটাবেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকারদের দাবি অনুযায়ী ফাঁস হওয়া তথ্যের কিছু অংশ ইতিমধ্যে ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে। লিক হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার ইতিহাস রয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট, খুলনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, নরসিংদী, কুষ্টিয়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে। কতজন গ্রাহকের তথ্য লিক হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন। গত বছর একটি হ্যাকার চক্র ব্যবহারকারীর তথ্য ফাঁসের হুমকি দিয়ে অর্থ দাবি করেছিল। তখন সেই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি। তবে গত ২৭ মার্চ ডার্ক ওয়েবে কিছু তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নজরে আসে। এরপর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সহায়তা চাওয়া হয়েছে এবং তেজগাঁও থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

ডাটাবেজ লিকের ফলে গ্রাহকরা ফিশিং কল, ভুয়া মেসেজের মাধ্যমে প্রতারণা, ই-মেইল হ্যাকিং, স্প্যাম আক্রমণ, পরিচয় চুরি ও আর্থিক জালিয়াতির মতো নানা ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়তে পারেন।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে।