বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা নিউ মেক্সিকোর আদালতের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১১:১৫

শেয়ার

মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা নিউ মেক্সিকোর আদালতের
ছবি: রয়টার্স

নিউ মেক্সিকোর একটি আদালত অনলাইনে শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং এ বিষয়ে ভ্রান্ত তথ্য দেওয়ার অভিযোগে ফেসবুকের মূল সংস্থা মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে। গতকাল দেওয়া এই রায়ে জুরিবোর্ড প্রতিষ্ঠানটিকে দোষী সাব্যস্ত করে।

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, মেটা তাদের প্ল্যাটফর্মের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য দেয়নি এবং শিশুদের শোষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। আদালতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কাছে অপরাধীদের পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, যা অনেক ক্ষেত্রে নির্যাতন ও পাচারের কারণ হয়েছে।

রাষ্ট্রপক্ষ ২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইলেও জুরি ৩৭৫ মিলিয়ন ডলার মঞ্জুর করেন। এ ধরনের গুরুতর অভিযোগে জুরিবোর্ডের রায় এটি প্রথম।

রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে মেটা। কোম্পানির এক মুখপাত্র জানান, তারা শিশুদের সুরক্ষায় শক্তিশালী ব্যবস্থা রেখেছে এবং ক্ষতিকর বিষয়বস্তু সরাতে কঠোর পরিশ্রম করছে।

অ্যাটর্নি জেনারেল তোরেজ এই রায়কে শিশুদের নিরাপত্তার এক বিশাল জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বার্তা যে মুনাফার চেয়ে শিশুদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনো প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়।

মে মাসের দ্বিতীয় ধাপে অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে মেটার প্ল্যাটফর্মের কার্যপদ্ধতিতে আমূল পরিবর্তন আনার অনুরোধ জানাবেন। সেইসঙ্গে অতিরিক্ত জরিমানা চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স



banner close
banner close