রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ তৈরি করবে ট্রাম্প, বিটকয়েনের দামে ঊর্ধ্বগতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫ ২১:১২

শেয়ার


ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ তৈরি করবে ট্রাম্প, বিটকয়েনের দামে ঊর্ধ্বগতি
ক্রিপ্টো নিয়ে ট্রাম্প পোস্ট করার পরই বেড়ে গেল বিটকয়েনের দাম। ছবি: রয়টার্স

ক্রিপ্টোকারেন্সির একটি জাতীয় মজুদ (রিজার্ভ) তৈরির বিষয়ে আবারও পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তিনি জানিয়েছেন যে, ডিজিটাল অ্যাসেট সম্পর্কিত তাঁর গত জানুয়ারির নির্বাহী আদেশ অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির একটি কৌশলগত মজুদ (স্ট্র্যাটেজিক রিজার্ভ) তৈরি করা হবে যেখানে জনপ্রিয় বিটকয়েনের পাশাপাশি থাকবে ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা ও কার্ডানো। ট্রাম্পের পোস্টের পর ইতোমধ্যেই বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ শতাংশ।

বিটকয়েনের দাম গত শুক্রবারও ছিল ৭৮,২৭৩ ডলার যেটা আজ (সোমবার) এক পর্যায়ে ৯৩,০৫৭ ডলার পর্যন্ত উঠেছে। এই প্রতিবেদন লেখার সময় বিটকয়েনের মূল্য ছিল ৯২,৫৭৪ ডলার। তবে শুধু বিটকয়েন-ই নয়, দাম বৃদ্ধি পেয়েছে জাতীয় মজুদের অংশ হতে যাওয়া অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোও।

গত শুক্রবারের তুলনায় ১০ শতাংশ দাম বেড়েছে ইথেরিয়ামের এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইথেরিয়ামের মূল্য ২৪৫০ ডলার। ক্রিপ্টো নিয়ে ট্রাম্পের রবিবারের পোস্টের পর এক্সপিআর কয়েনের দাম ৩১ শতাংশ, সোলানার ১৫ শতাংশ এবং কার্ডানোর দাম ৬৯ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, এবারই প্রথম ট্রাম্প ডিজিটাল অ্যাসেটের জাতীয় মজুদে কোন কোন কারেন্সি থাকবে সেগুলোর নাম প্রকাশ করেছে।

গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকেই উল্লেখযোগ্যহারে বেড়েছে বিটকয়েনের দাম। এক পর্যায়ে লাখ ডলার ছাড়িয়ে জানুয়ারির শুরুতে দাম পৌঁছায় রেকর্ড ১,০৫,০০০ ডলারে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে ক্রিপ্টোপ্রেমীদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। তারা আশা করছিলেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ওপর সরকারি বিধিনিষেধ শিথিল করবেন। তবে জানুয়ারি’তে ক্ষমতায় আসার পর ডিজিটাল অ্যাসেটের জাতীয় মজুদ তৈরি সম্পর্কিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর ব্যতীত ক্রিপ্টোকারেন্সি নিয়ে দৃশ্যমান আর কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি ট্রাম্পকে।

এই প্রেক্ষাপটে জানুয়ারি’র মাঝামাঝি থেকেই ধীরে ধীরে বিটকয়েনের দরপতন শুরু হয়। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে বিটকয়েনের মূল্য হ্রাস পেয়েছে ১৭ শতাংশেরও বেশি। জুন ২০২২-এর পর কোনো এক মাসে এটাই বিটকয়েনের সর্বোচ্চ দরপতন। জানুয়ারির রেকর্ড মূল্যের তুলনায় ফেব্রুয়ারি এক তৃতীয়াংশ সম্পদ হারিয়েছেন বিটকয়েনের মালিকরা।

ক্রিপ্টোপ্রেমীরা এখনও আশা করে আছেন, ট্রাম্প সরকার ক্রিপ্টোবান্ধব নিয়মকানুন চালু করবেন এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ শিথিল করবেন। সেটা কবে নাগাদ হবে, এ সম্পর্কে অবশ্য কিছুই জানাননি ট্রাম্প বা তাঁর প্রশাসনের কর্তাব্যক্তিরা। যদিও এরই মধ্যে ক্রিপ্টোর পক্ষে অবস্থানকারী বেশ কয়েকজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, ট্রাম্পের উদ্যোগে প্রথমবারের মতো আগামী শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউজ ক্রিপ্টো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।



banner close
banner close