শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আজ রাজশাহীর তাফসির মাহফিলে আসছেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১১:০৮

শেয়ার

আজ রাজশাহীর তাফসির মাহফিলে আসছেন আজহারী
ছবি সংগৃহীত

বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী আজ শনিবার রাজশাহীতে তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিচ্ছেন। নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় মাহফিল শুরু হবে। এতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

রাজশাহী ওলামা-মাশায়েখ পরিষদের মাওলানা রুহুল আমিন শনিবার সকালে মাহফিলের আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকদের ধারণা, এতে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে। তাদের প্রত্যাশা, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হবে।

গত ২৭ নভেম্বর নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে মাহফিলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিজানুর রহমান আজহারী। পোস্টে তিনি রাজশাহী বিভাগের বাসিন্দাদের মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান এবং আগামীকাল রাজশাহী মাদরাসা মাঠে দেখা হওয়ার কথা জানান।

নারী-পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা

মাওলানা রুহুল আমিন বলেন, মাহফিল আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল মাহফিল হতে যাচ্ছে বলে আমরা আশা করছি। শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মাহফিল সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে মাহফিল সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।