আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত নতুন গবেষণায় উঠে এসেছে এমনই এক পূর্বাভাস। গবেষণায় বলা হয়, বিশ্বে ইসলাম ও খ্রিষ্ট—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বাড়ছে তুলনামূলক অনেক দ্রুত গতিতে। ফলে ২০৩৫ সালেই অনুসারীর সংখ্যায় ইসলাম খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে বলে উঠে এসেছে বিশ্লেষণে।
পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ছিলেন প্রায় ২২৭ কোটি। বিপরীতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। তবে, নতুন পূর্বাভাস বলছে, ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ২৫৭ কোটিতে। আর খ্রিষ্টান জনসংখ্যা হবে প্রায় ২৫২ কোটি।
মুসলিম নারীদের সন্তান জন্মদানের হারই প্রধান কারণ
এর পেছনে বেশ কয়েকটি জনমিতিক কারণ থাকলেও প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার। পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেটের দাবি, ধর্মীয় পরিচয় পরিবর্তনের তুলনায় সন্তান জন্মদানের হারই মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাবৃদ্ধিতে বেশি ভূমিকা রাখছে।
গবেষণার তথ্য বলছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। আর অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬। যেখানে একটি প্রজন্মের স্বাভাবিক জনসংখ্যা ধরে রাখতে গড়ে ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়। পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক তরুণ বয়স কাঠামোও এই জনসংখ্যা বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে বলে উঠে এসেছে গবেষণায়।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। বিপরীতে খ্রিষ্টান জনসংখ্যা থাকবে ৩০০ কোটির সামান্য নিচে। পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা বাড়তে পারে ২৯ শতাংশ। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা বাড়বে ৩০ শতাংশ, আর মুসলিম জনসংখ্যা বাড়তে পারে প্রায় ৮০ শতাংশ। আগামী কয়েক দশকে বিশ্বজুড়ে ধর্মীয় জনমিতির চিত্রে আসতে পারে এক বড় ধরনের পরিবর্তন।
পশ্চিমা দেশেও ধর্মীয় জনমিতিতে পরিবর্তনের আভাস
শুধু বৈশ্বিক পর্যায়েই নয়, পশ্চিমা বিশ্বের ধর্মীয় জনমিতিতেও বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ। সংস্থাটির হিসাব বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিষ্টান। তবে, আগামী ৪০ বছরের মধ্যে দেশটিতে খ্রিষ্টানরা আর সংখ্যাগরিষ্ঠ নাও থাকতে পারে। ২০৬৫ সালের মধ্যে তাদের হার নেমে আসতে পারে ৫০ শতাংশেরও নিচে। প্রতিবেশী রাষ্ট্র কানাডার ক্ষেত্রেও উঠে এসেছে একই ধরনের বিশ্লেষণ।
ধর্মান্তরও বাড়াচ্ছে মুসলিম জনসংখ্যা
তবে, মুসলিম জনসংখ্যার এই বৃদ্ধির চিত্র কেবল সন্তান জন্মদানের হারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণের ঘটনাও বিশ্বের বিভিন্ন দেশে আলোচনায় এসেছে। ইউরোপ-আমেরিকার মতো পশ্চিমা দেশগুলোতেও খ্রিষ্টধর্মসহ বিভিন্ন ধর্মীয় পটভূমি থেকে আসা মানুষদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ইসলাম গ্রহণকারীদের ওপর পরিচালিত আরেক জরিপে দেখা যায়, ২৪ শতাংশ ইসলামের বিশ্বাস ও শিক্ষাকে বেশি অর্থবহ মনে করে ইসলাম গ্রহণ করেছেন। ২১ শতাংশের ক্ষেত্রে ধর্মীয় গ্রন্থ পাঠ ও ইসলাম সম্পর্কে পড়াশোনা ছিল প্রধান কারণ। এ ছাড়া মুসলিম সমাজের সঙ্গে যুক্ত হওয়া, ব্যক্তিগত আধ্যাত্মিক অনুসন্ধান এবং পরিচিতজনের মাধ্যমে ইসলামের সঙ্গে পরিচিত হওয়ার বিষয়গুলোও উঠে এসেছে বিশ্লেষণে।
সব মিলিয়ে, জন্মহারের ব্যবধান, তরুণ জনগোষ্ঠীর আধিক্য আর ভিন্ন ধর্মীয় পটভূমি থেকে মানুষের ইসলাম গ্রহণ—এই তিন ধারার সম্মিলিত প্রভাবে বদলে যেতে পারে বিশ্বের ধর্মীয় জনমিতির মানচিত্র। যে ইসলাম প্রায় ১৪০০ বছর আগে আরবের মক্কা থেকে যাত্রা শুরু করেছিল, সেই ধর্মই হয়তো আগামী কয়েক দশকে সংখ্যায় ছাড়িয়ে যাবে বিশ্বের অন্য সব ধর্মকে।
আরও পড়ুন:







