বিশ্বের ধর্মীয় জনসংখ্যার মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন গবেষণা। আগামী কয়েক বছরেই বদলে যেতে পারে এ মানচিত্র। জন্মহার, বয়স, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তন হবে এ রূপান্তরের প্রধান কারণ। ২০৩৫ সালের মধ্যে বিশ্বে বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা।
বহু শতাব্দী ধরে খ্রিষ্টধর্ম বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ধর্ম হিসেবে স্বীকৃত। কিন্তু ২০৩৫ সালের মধ্যেই সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবেন মুসলিমরা। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, দুই ধর্মের অনুসারীই বাড়ছেন, তবে মুসলিমরা বাড়ছেন দ্রুতগতিতে। বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম থাকবেন ৩৬০ কোটির বেশি, আর খ্রিষ্টান ৩০০ কোটির কিছু কম।
যে গবেষণা প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে, সেটির শিরোনাম ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ১৭ অংশের এ প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত—৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।
গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষ। হিসাবে ধরা হয়েছে ২০১টি দেশ ও ভূখণ্ড, যেখানে বিশ্বের ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষ বাস করেন। প্রতিবেদনটি লিখেছেন কনরাড হ্যাকেটসহ ছয়জন গবেষক।
পিউয়ের হিসাবে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা বাড়বে ২৯ শতাংশ। এ হারের সঙ্গে তাল মেলাতে পারবে শুধু মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠী। খ্রিষ্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ, মুসলিমদের ৮০ শতাংশ। একই সময়ে অমুসলিমদের সংখ্যা বাড়বে ১১ শতাংশ।
২০২০ সালে খ্রিষ্টান ছিলেন প্রায় ২৩০ কোটি আর মুসলিম ২০২ কোটি। মুসলিমরা বিশ্বের গড় হারের চেয়ে অনেক দ্রুত বেড়ে চলায় তাঁদের হার ২৬ থেকে ৩৬ শতাংশ হবে। খ্রিষ্টানরা প্রায় গড় হারে বাড়তে থাকায় তাঁদের অনুপাত ২৯ শতাংশেই থাকবে।
হিন্দুদের সংখ্যা বাড়লেও বিশ্বের জনসংখ্যায় তাঁদের অনুপাত কমবে। ইহুদিদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাবে। বৌদ্ধদের সংখ্যা ও অনুপাত—দুটিই কমবে।
বাহাই, তাওবাদী, জৈন, শিখ, লোকধর্মসহ অন্যান্য ধর্মের অনুসারীরা মিলিয়ে সংখ্যায় সামান্য বাড়বেন, তবে জনসংখ্যায় তাঁদের অনুপাত ২ শতাংশের নিচে নামবে। কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন, এমন মানুষের অনুপাতও ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে আসবে।
পিউয়ের হিসাবে ২০২০ থেকে ২০৭০ সাল—৫০ বছরে বিশ্বের মোট জনসংখ্যা বাড়বে ২৯ শতাংশ। এ হারের সঙ্গে তাল মেলাতে পারবে শুধু মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠী। খ্রিষ্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ, মুসলিমদের ৮০ শতাংশ। একই সময়ে অমুসলিমদের সংখ্যা বাড়বে ১১ শতাংশ।
আগামী দশকগুলোতে বিশ্বের ছয়টি প্রধান অঞ্চলের প্রতিটিতে মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের হার বাড়বে। অন্যদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়া বাকি সব অঞ্চলে খ্রিষ্টানদের অনুপাত কমবে।
ইউরোপে ধর্মহীন মানুষের হার এক-চতুর্থাংশ থেকে বেড়ে প্রায় এক-তৃতীয়াংশে পৌঁছাবে এবং মুসলিমদের হার ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীনদের ছাড়িয়ে মুসলিমরা বৃহত্তম গোষ্ঠী হবেন এবং হিন্দুরা দ্বিতীয় বৃহৎ গোষ্ঠীতে পরিণত হবেন।
একই সময় উত্তর আমেরিকায় খ্রিষ্টানদের হার ৬৩ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে আসায় অঞ্চলটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
দেশভিত্তিক পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায়, ২০২০ সালে ১৯৪টি দেশে কোনো না কোনো একটি ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ (৫০ শতাংশ বা তার বেশি) ছিল, যা ২০৭০ সালে কমে ১৮৫টিতে দাঁড়াবে। খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ১২০টি থেকে কমে ১১০টিতে নামবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির মতো দেশগুলো আর খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ থাকবে না।
অন্যদিকে আইভরি কোস্ট নতুন করে যুক্ত হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৩টি থেকে বেড়ে ৫৪টিতে দাঁড়াবে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্ত হওয়ায় ধর্মহীন সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যাও বেড়ে ১৩টি হবে। এ ছাড়া মঙ্গোলিয়া ও লাওস বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
আরও পড়ুন:







