শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে যোগাযোগ অব্যাহত: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৭

শেয়ার

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সৌদির সঙ্গে যোগাযোগ অব্যাহত: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার।

গতবার একটি এজেন্সির অব্যবস্থাপনার কারণে দুজন হজযাত্রী সময়মতো হজে যেতে পারেননি উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, পরে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের হজে পাঠানো হয়। এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।

হাজিদের সেবার বিষয়ে মন্ত্রী বলেন, গতবার সরকার বিনামূল্যে ১ লাখ পানির বোতল সরবরাহ করেছে। এছাড়া লাগেজ র‍্যাপিং করতেও কোনো অর্থ ব্যয় হয়নি; পুরো কার্যক্রম সরকারের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে।

হজ গাইডদের সেবার মান আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো কাজ করলে ভবিষ্যতে হজ গাইডদের জন্য আরও সুযোগ তৈরি করা হবে এবং আজকের চেয়েও বড় পরিসরে পুরস্কৃত করা হবে।

এবার শ্রেষ্ঠ হজ গাইডদের ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হয়েছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ভবিষ্যতে এই পুরস্কারের অর্থ আরও বাড়ানো হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার কোনো হাজির লাগেজ হারিয়ে যায়নি বলেও উল্লেখ করেন কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজ কার্যক্রমে সাশ্রয় হওয়া অর্থ আগামীকাল সরকারের কাছে হস্তান্তর করবে মন্ত্রণালয়।