বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

সৌদিতে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১২:০৩

শেয়ার

সৌদিতে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মৃত্যু ৯
ছবি সংগৃহীত

চলতি বছরের হজ মৌসুমে এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন।

মঙ্গলবার (৫ মে) সকালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। মৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।

বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।



banner close
banner close