সোমবার

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪ ফাল্গুন, ১৪৩২

দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ কত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ০০:১৫

শেয়ার

দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ কত
ছবি সংগৃহীত

নারী-পুরুষের বৈধ ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম বিয়ে। আর বিয়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। দেনমোহর নারীর অধিকার। দেনমোহর পরিশোধ করা ইসলামের বিধান। দেনমোহর শুধু একটা অঙ্ক ধরে রাখার নাম নয়। বরং তা পরিশোধ করে দিতে হবে।

দেনমোহরের মূল উদ্দেশ্য, নারীকে সম্মান ও মর্যাদা দেওয়া। যখন কোনো পুরুষ স্ত্রীকে ঘরে নিয়ে আসবে, তখন তাকে মর্যাদার সঙ্গে আনবে। এমন কিছু উপহার দেবে, যা তার মর্যাদা বাড়ায়। দেনমোহর এতো অল্প নির্ধারণ না করা যাতে মর্যাদার কোনো ইঙ্গিত না থাকে। আবার এতো অধিকও নির্ধারণ না করা, যা পরিশোধ করা স্বামীর পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এর সঙ্গে বিয়ে বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই। কন্যা পক্ষ ধারণা করেন, উচ্চ মূ্ল্যের দেনমোহর ধার্য করা; যাতে ছেলের পরিবার সে টাকা কখনো দিতে না পারে। তাহলে মেয়েও সুখে থাকবে। কখনো বিয়ে বিচ্ছেদ হবে না।

পবিত্র কোরআনে দেনমোহরের আলোচনা

ইসলাম স্বভাবজাত ধর্ম। মানুষের সকল চাহিদার সুষ্ঠু সমাধান রয়েছে ইসলামে। মহান আল্লাহ নারী-পুরুষের চরিত্র পবিত্র ও নিষ্কলুষ রাখতে বিয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,

فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَ ثُلٰثَ وَ رُبٰعَ ۚ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً

তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের নারীদের থেকে, দুজন অথবা তিনজন অথবা চারজন; কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে মাত্র একজন। (সুরা নিসা, আয়াত: ৩)

দেনমোহর সম্পূর্ণ নারীর অধিকার। এ অধিকার খর্ব করা যাবে না। মহান আল্লাহ বলেন,

وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ

আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর প্রদান করো বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত : ৫)

দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ

দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট নয়। যার যার সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করবে। কেউ চাইলে স্ত্রীকে মোটা অঙ্কের দেনমোহর দিতে পারবেন মহান আল্লাহ বলেন,

لِیُنۡفِقۡ ذُوۡ سَعَۃٍ مِّنۡ سَعَتِهٖ ؕ وَ مَنۡ قُدِرَ عَلَیۡهِ رِزۡقُهٗ فَلۡیُنۡفِقۡ مِمَّاۤ اٰتٰىهُ اللّٰهُ

বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবন-জীবিকা সীমিত, আল্লাহ যা দান করেছেন সে তা থেকে ব্যয় করবে...। (সুরা তালাক, আয়াত : ৭)।

দেনমোহর নির্ধারণে নারীর সম্মান ও মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি পুরুষের আর্থিক সঙ্গতির দিকেও খেয়াল রাখতে হবে। অনেক জায়গায় দেখা যায়, দেনমোহর নির্ধারণে পুরুষের অবস্থার প্রতি লক্ষ্য করা হয় না। পুরুষের সামর্থ্যের বাইরে আকাশচুম্বী দেনমোহর ধার্য করা হয়। যা কস্মিনকালেও যৌক্তিক নয়। ইসলামি শরিয়তের মেজাজের বিপরীত।



banner close
banner close