সোমবার

৩০ নভেম্বর, ২০২৬ ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩

গুলশান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬ ২২:২৮

শেয়ার

গুলশান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, স্বপন ভট্টাচার্য্যকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাশকতায় অর্থায়নের অভিযোগ

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্য্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন

স্বপন ভট্টাচার্য্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

দশম জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।