কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজনৈতিকভাবে মোকাবিলার বিষয়ে তাদের অভিন্ন অবস্থান রয়েছে। পৃথক কর্মসূচি ঘোষণা করে ইতিমধ্যে মাঠে নেমেছে দলগুলো।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল ও জোটগুলোও কর্মসূচি পালন করছে। ডিসেম্বরজুড়ে রাজপথের কর্মসূচির পাশাপাশি জুলাই অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
জুলাইয়ের অংশীজনদের সঙ্গে সংলাপ করবেন প্রধানমন্ত্রী
বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে সংলাপ ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানের অংশ হিসেবে গত সোমবার জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপ শুরু করেছেন তিনি।
শিগগিরই জামায়াতসহ দলটির নেতৃত্বাধীন জোটের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক দল ও জোটের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও ধারাবাহিকভাবে মতবিনিময় করবেন তিনি।
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন, অভিযান জোরদার
চলমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নাশকতা ও চক্রান্তের সঙ্গে জড়িত, তাঁদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদেরও অবহিত করেছে সরকার।
ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি
রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালনের লক্ষ্যে বিএনপি ও এনসিপি ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীও শুরু করেছে ৪০ দিনব্যাপী কর্মসূচি।
আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন করবে দলটি। ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচিগুলোতে অংশ নেবেন।
বিজয়ের মাসের প্রথম দিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে বিএনপি। এতে উপস্থিত থাকবেন তারেক রহমান। গতকাল শনিবার দলের শীর্ষ নেতাদের নিয়ে সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, আলোচনাসভা, মিছিল-শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ের মাসের কর্মসূচির পাশাপাশি ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে দলটি।
গত বছর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দিনটিকে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করবে বিএনপি। গত বছর ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী ৩০ ডিসেম্বর তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।
এ ছাড়া সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে ১৬ থেকে ১৯ ডিসেম্বর ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জামায়াত ও এনসিপির পৃথক কর্মসূচি
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে গত ১৯ নভেম্বর ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। ২১ নভেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দলটি।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনাসভা ও সামাজিক কার্যক্রম চালাবে জামায়াত।
অন্যদিকে, ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। ২৪ নভেম্বর রাজধানীর সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে দলটি। গত শুক্রবার গাজীপুরে প্রতিবাদ সমাবেশও করেছে তারা।
জানুয়ারি থেকে মে পর্যন্ত ইউপি নির্বাচন
ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি ও সংলাপের পর আগামী বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় থাকবে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ রাজনৈতিক দলগুলো।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত পাঁচ ধাপের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। পঞ্চম ধাপের ভোট শেষ হবে ২৭ মে। ইউপি নির্বাচন সামনে রেখে আজ রবিবার থেকে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করছে ইসি।
এর মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে শুরু হবে রমজান মাস। রমজানে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল কর্মসূচি চালিয়ে যাবে কি না, তা নির্ভর করবে সে সময়ের পরিস্থিতির ওপর।
আরও পড়ুন:







