রবিবার

২৯ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ত্যাগীদের বাদ দিয়ে ছাত্রদলের পকেট কমিটির অভিযোগ এক ঘণ্টায় স্থগিত; কেন্দ্রের শোকজ!

​মো. মোজাম্মেল হোসেন, ধামরাই

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ২০:৫২

শেয়ার

ত্যাগীদের বাদ দিয়ে ছাত্রদলের পকেট কমিটির অভিযোগ এক ঘণ্টায় স্থগিত; কেন্দ্রের শোকজ!
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ইউনিয়ন ছাত্রদলের বিতর্কিত কমিটি গঠনের অভিযোগ উঠেছে। তবে তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে ঘোষণার মাত্র এক ঘণ্টার মাথায় ফেসবুকে পোস্ট দিয়ে সেই কমিটি স্থগিত করতে বাধ্য হয়েছেন খোদ উপজেলা নেতারা।

এই চরম বিশৃঙ্খলা ও একতরফা সিদ্ধান্তের দায়ে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক সাদ-ই রাব্বি জিসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

​নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে এসে জানাতে হবে।

জানা গেছে, শনিবার উপজেলা ছাত্রদলের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সূতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সোলায়মানকে সভাপতি, মো. ইয়াসিনকে সিনিয়র সহসভাপতি, মো. আব্দুর রউফকে সাধারণ সম্পাদক, মো. মিলনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

কিন্তু কমিটি প্রকাশের পরপরই স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ব্যাপক বিতর্কের মুখে এক ঘণ্টার ব্যবধানে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কমিটিটি 'স্থগিত ও প্রক্রিয়াধীন' বলে ঘোষণা দেন।

​স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের অবমূল্যায়ন করে ৫ আগস্টের পর সংগঠনে আসা নবাগতদের প্রাধান্য দিয়ে এই 'পকেট কমিটি' গঠন করা হয়েছিল। এমনকি কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক নিয়ম অনুযায়ী সিনিয়র সহসভাপতির সম্মতি ও স্বাক্ষর নেয়ার বাধ্যবাধকতা থাকলেও তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়।

​এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ধামরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলী ইমাম বলেন, "কেন্দ্রীয় নির্দেশনা ও আমার স্বাক্ষর নেয়ার নিয়ম অমান্য করে জেলা কিংবা উপজেলার কারও সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদক একতরফাভাবে এই কমিটি ঘোষণা করেছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ-ই রাব্বি জিসান এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।



আরও পড়ুন: