শনিবার

২৮ নভেম্বর, ২০২৬ ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬ ১৭:১৬

শেয়ার

শেখ হাসিনাকে আসতে হলে বন্দি চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে সন্ত্রাসী ও মাফিয়া দল বললেন মন্ত্রী

আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, নিজেদের সংশোধন করার কোনো ইচ্ছা তাদের নেই।

আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহারে আপত্তি

আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সমীক্ষা প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন।

পরে মন্ত্রী নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন।