জুলাই সনদ ভিত্তিক গণভোটের গণরায় মেনে না নিলে সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এটি তাদের কাছে একটি আপসহীন (আনকম্প্রোমাইজিং) ইস্যু এবং ১১ দলীয় জোটবদ্ধভাবেই তারা সরকারের সঙ্গে সংলাপে অংশ নেবেন।
বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্যের সংলাপ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ ভবনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনার পর থেকেই জাতীয় ঐক্যের সংলাপের বিষয়টি সামনে এসেছে। প্রকৃতপক্ষে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকেই এই সংলাপের সূচনা হয়েছে। বিরোধী দলীয় নেতা দেশের বাইরে থাকায় এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে প্রতিদিনই সরকারের সঙ্গে যোগাযোগ ও আলাপ-আলোচনা চলছে। তিনি দেশে ফিরলেই ১১ দলীয় জোটের বৈঠকে আলোচ্যসূচি ঠিক করে ঐক্যবদ্ধভাবে সংলাপে অংশ নেওয়া হবে।
জুলাই সনদ পাশ কাটিয়ে জাতীয় ঐক্যে সাড়া দেয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রশ্নই আসে না। আমাদের বিরোধী দলীয় নেতা সংসদে এবং চায়ের দাওয়াতেও স্পষ্টভাবে বলেছেন, এটি আমাদের কাছে একেবারেই আপসহীন ইস্যু। জুলাই সনদ ভিত্তিক অনুষ্ঠিত গণভোটের গণরায় মেনে নিলে জাতীয় ঐক্যের জন্য আলাদা করে ডাক দেওয়ার প্রয়োজনই পড়বে না। গণভোটের রায় না মেনে সরকারই আধিপত্যবাদবিরোধী ৭০ শতাংশ জনতার মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে। সরকারকে এই গণরায় মেনে নিতে হবে, তা না হলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না।
নির্বাচন ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ইসির মতবিনিময় সভায় ১১ দলীয় জোটবদ্ধভাবেই অংশ নেবে। এ ছাড়া কিশোরগঞ্জ উপনির্বাচনেও জামায়াত অংশ নেবে এবং সেখানে ড. জিহাদ খান দলীয় প্রার্থী হিসেবে থাকবেন। তবে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিএনপির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া নির্লজ্জ দলীয়করণের বড় উদাহরণ।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার বলেন, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় ও সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ভারতীয় মন্ত্রীদের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং জুলাই অভ্যুত্থানের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
আরও পড়ুন:







