বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

'আ. লীগ ঘনিষ্ঠতা'য় চরমোনাইয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে যতো প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৯:৪৭

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ ১৯:৫০

শেয়ার

'আ. লীগ ঘনিষ্ঠতা'য় চরমোনাইয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে যতো প্রশ্ন
ছবি সংগৃহীত

ইসলামী রাজনীতির ময়দানে অন্যতম পরিচিত দুই মুখ চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম ও তাঁর ভাই মুফতি ফয়জুল করীম। নীতি-আদর্শ আর ধর্মীয় মূল্যবোধকে ধারণ করেই যাদের পরিচিতি ও উত্থান ইসলামি অঙ্গনে।

তবে সময়ের পরিক্রমায় তাঁদের বিভিন্ন বক্তব্য, রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ধর্মীয় আদর্শের কথা বলা এই দুই নেতার রাজনৈতিক অবস্থান, বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য এবং বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

সংলাপে বসার আহ্বান ঘিরে সমালোচনা

সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের একটি বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় নতুন করে আলোচনা-সমালোচনা। যে বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে সংলাপে বসার আহ্বান জানাতে দেখা যায় চরমোনাই পীরকে।

আর তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠে সাধারণ মানুষও।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে এক বক্তব্যে নিজের অবস্থান পরিষ্কার করেন মুফতি রেজাউল করিম। তার দাবি, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতে তিনি ওই বক্তব্য দেননি, বরং সবাই মিলে দেশকে সুন্দর করার লক্ষ্যেই তিনি এমন কথা বলেছেন।

বিতর্কের ঘটনা নতুন নয়

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই দুই নেতাকে ঘিরে আলোচনা-সমালোচনা কিংবা বিতর্কের ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে তাঁদের বক্তব্য, রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

২০১৩ সালে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে আল্লামা সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দাবিতে, তৎকালীন সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে গণজাগরণ মঞ্চের আন্দোলন। আর সেই আন্দোলনে ফ্যাসিজমের প্রতি সংহতি জানিয়ে মজলুম সেই আলেম উলামাদের ফাসির দাবিতে সশরীরে সেখানে অবস্থান নেন মুফতি ফরিদ উদ্দিন মাসউদ।

গণজাগরণ মঞ্চের তার সেই অবস্থান পরবর্তীতে ইসলামি অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এমনকি নানা মহলে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত হয়ে ওঠেন মুফতি ফরিদ উদ্দিন মাসউদ।

ফরিদ উদ্দিন মাসউদকে ঘিরে বক্তব্য

তবে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর ফরিদ উদ্দিন মাসউদের পূর্ববর্তী বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে যখন ফুঁসে উঠেছিল দেশের ইসলামি অঙ্গন, ঠিক সেই মুহূর্তে এই বিতর্কিত ব্যক্তিকে ‘তালয়’ সম্বোধন করে এক বক্তব্যে আওয়ামী লীগের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়টি অস্বীকার করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।

শুধু তাই নয়, ওই সময় নিজ বক্তব্যে ফরিদ উদ্দিন মাসউদের প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা যায় ফয়জুল করীমকে।

এমনকি গণজাগরণ মঞ্চে নিরপরাধ আলেম-উলামাদের বিরুদ্ধে অবস্থান নেয়া কথিত এই আলেমের নামে মামলা গ্রহণ করা হলে থানা ঘেরাও করার হুঁশিয়ারিও দেন শায়েখে চরমোনাই।

ফয়জুল করীমের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই ইসলামি অঙ্গনে শুরু হয় বিতর্কের নতুন জোয়ার। ফরিদ উদ্দিন মাসউদের বিতর্কিত অতীত ও অবস্থান এড়িয়ে তাঁর প্রতি স্পষ্ট সমর্থন দেয়ার ঘটনায় ক্ষোভের মুখে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। দেশের আলেম-উলামাদের মধ্যেও এ নিয়ে তৈরি হয় নানা অসন্তোষ।

স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত ও শেখ মুজিব প্রসঙ্গ

অন্যদিকে, ফ্যাসিবাদী আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নিজের মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে দাওয়াত দেয়া এবং পাশাপাশি একই টেবিলে বসে খাওয়ার ঘটনাও জুলাই-পরবর্তী সময়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

শুধু তাই নয়, একটি বক্তব্যে স্বৈরশাসক হিসেবে সমালোচিত শেখ মুজিবুর রহমান এবং তাঁর বাবা-দাদাদের ধার্মিক বলতেও শোনা যায় শায়েখ মুফতি ফয়জুল করীমকে।

পাশাপাশি এক সম্মেলনে শেখ মুজিবের বাবা-দাদাসহ তাঁর পূর্বপুরুষদের নাম উল্লেখ করে ফয়জুল করীম মন্তব্য করেন, তাঁর পূর্বপুরুষ পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ দেশে এসেছিলেন। তাঁর এই বক্তব্য ছড়িয়ে পড়লে সে সময় নানা সমালোচনার জন্ম দেয়।

তবে এ-সংক্রান্ত কিছু বিচ্ছিন্ন কথিত বর্ণনা ও প্রতিবেদন প্রকাশিত হলেও শেখ মুজিবের নিজের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিংবা তাঁর দেয়া কোনো বক্তব্য বা লেখায় এ বিষয়ে কিছু পাওয়া যায়নি। এমনকি তাঁর মেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্যেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সেইসঙ্গে শেখ মুজিবের বিষয়ে কথিত এই বর্ণনার যথার্থতা ও ঐতিহাসিক সত্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ

আর চরমোনাইয়ের এসব বক্তব্য, রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডকে কেন্দ্র করেই বিভিন্ন সময়ে দেশের ইসলামি অঙ্গনের অনেকেই তাঁকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেছে।

সব মিলিয়ে সময়ের পরিক্রমায় চরমোনাইয়ের দুই শীর্ষ নেতার রাজনৈতিক অবস্থান ও বিতর্কিত কর্মকাণ্ডগুলো সামনে এনেছে একের পর এক প্রশ্ন। বিশেষ করে আওয়ামী লীগ প্রশ্নে তাঁদের রাজনৈতিক অবস্থান আসলে কতটা স্পষ্ট, আর কতটাই বা কৌশলগত—সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজছে ইসলামি অঙ্গনের অনেকেই।