বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না, হেফাজতের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৯:২৮

শেয়ার

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না, হেফাজতের হুঁশিয়ারি
ছবি সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সই করা বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

দখলের হুমকিকে ফাঁকা বুলি বলল হেফাজত

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় থাকা শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়।

তাঁদের দাবি, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় ভারতের দিল্লির সাউথ ব্লক উদ্বিগ্ন। এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশে ভারতের যেসব চিহ্নিত অ্যাসেট রয়েছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে।

ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। ভারতের উচিত এ বাস্তবতা উপলব্ধি করা।

হেফাজতের নেতাদের অভিযোগ, ১৭ বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ভারতের আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছে। তাঁরা মোদিবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পাশাপাশি বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদের হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন। এ ছাড়া আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থিদের বিচারিক হত্যাকাণ্ড এবং পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যার প্রসঙ্গ তুলে ধরে বিবৃতিতে এসব ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

বিবৃতিতে শহীদ ওসমান হাদির রক্তের দায়ও ভারতের ওপর চাপানো হয়। হেফাজতের নেতারা বলেন, এসব ঘটনার দায় ভারতকে একদিন শোধ করতে হবে।

পাল্টা আঘাতের হুঁশিয়ারি

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান প্রচার করছে। ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না বলেও মন্তব্য করেন তাঁরা।

হেফাজতের নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচারযুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। কোনো অজুহাতে বাংলাদেশে আঘাত করা হলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ে ইমানি শক্তিতে বলীয়ান ছাত্র-জনতা মৃত্যুর ভয় উপেক্ষা করে স্বাধীনতা রক্ষার সক্ষমতা প্রমাণ করেছে। সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলেও বিশ্বাস প্রকাশ করেন হেফাজতের নেতারা।