বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ বিএনপিতে ফিরছেন অর্ধশতাধিক নেতা, নাকচ রুমিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৪:০৯

শেয়ার

ফিরোজ-টিপু-মামুন-নিরবসহ বিএনপিতে ফিরছেন অর্ধশতাধিক নেতা, নাকচ রুমিনের
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ তালিকায় সাইফুল ইসলাম ফিরোজ, তাইফুল ইসলাম টিপু, হাসান মামুন ও সাইফুল আলম নিরবসহ অর্ধশতাধিক প্রভাবশালী নেতার নাম আলোচনায় রয়েছে। তবে বিএনপিতে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

দলীয় সূত্র জানিয়েছে, তৃণমূলে সাংগঠনিক বিভক্তি দূর করা, স্থানীয় পর্যায়ের কোন্দল নিরসন এবং দলকে ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনতে চায় দলটির হাইকমান্ড। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাও এ উদ্যোগের অন্যতম বিবেচ্য বিষয় বলে জানা গেছে।

ফেরার তালিকায় সাত নির্বাচিত সংসদ সদস্য

নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া আলোচিত নেতাদের মধ্যে অন্তত সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে একজন ছাড়া প্রায় সবাই বিএনপিতে ফিরতে পারেন বলে দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে। এ জন্য তারা হাইকমান্ডের কাছে আবেদনসহ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছেন।

নির্বাচিত সাতজন হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। তাদের মধ্যে রুমিন ফারহানার দলে ফেরার সম্ভাবনা কম বলে জানা গেছে।

গত ২৩ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনো কোনো আবেদন করেননি। তার কোনো কথা বা আচরণে আবার দলে ফিরবেন, এমনটা মনে করার কারণও নেই। বর্তমানে যে অবস্থায় রয়েছেন, সে জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ফিরতে পারেন ৭০ বিদ্রোহী, পাঁচ শতাধিক নেতাকর্মীও

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কৃত অন্তত ৭০ জন নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি তাদের সমর্থন করা কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখায় বহিষ্কৃত তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকর্মীকেও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ তালিকায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতারাও রয়েছেন।

আলোচিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।

তৃণমূলে বিভক্তি কমাতে উদ্যোগ

দলীয় সূত্রের দাবি, বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে নতুন করে গ্রুপিং ও কোন্দল তৈরি হয়েছে। অনেক এলাকায় সংসদ সদস্য ও দলীয় প্রার্থীর অনুসারীদের সঙ্গে বহিষ্কৃত নেতাদের অনুসারীদের দূরত্ব বেড়েছে। কোথাও কোথাও দলীয় কর্মসূচিও পৃথকভাবে পালিত হচ্ছে।

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিসহ বিভিন্ন দলীয় অনুষ্ঠানে এ বিভক্তির চিত্র সামনে এসেছে। এতে সাংগঠনিক ঐক্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও উদ্বিগ্ন বিএনপি। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে। দলটির নীতিনির্ধারকদের ধারণা, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখা প্রয়োজন।

আবেদন যাচাই-বাছাই করছে হাইকমান্ড

সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো জানান, বহিষ্কৃত নেতাদের আবেদনের বিষয়গুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদন প্রক্রিয়া যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।