সরকার গঠিত মজুরি বোর্ডের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পরও গাজীপুরে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়সহ কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ সময় যান চলাচল স্বাভাবিক করতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা দুটি মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ছুড়েছে পুলিশ
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভোগড়া-নাওজোড় এলাকায় শ্রমিকরা কিছুটা সমস্যা সৃষ্টি করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।
আরও পড়ুন:







