জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনে জাতীয় নির্বাচনে দলটির প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া।
মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ সব ধরনের দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, এনসিপিতে যোগ দেয়ার পর দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন এবং নোয়াখালী-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি দলের ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়ে শুরু থেকেই নেতৃত্বকে পরামর্শ দিয়ে আসলেও এসব বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
পদত্যাগের কারণ হিসেবে তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরের জুলাই মাসে নোয়াখালীতে এনসিপির একটি দলীয় কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদের অনুসারীদের বিরুদ্ধে তাকে গালাগালি, অপমান ও হেনস্তার অভিযোগ রয়েছে।
সুলতান মোহাম্মদ জাকারিয়ার দাবি, এ ঘটনায় দলের শৃঙ্খলা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়ার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বকে একাধিকবার অবহিত করেছিলেন তিনি। তবে প্রায় পাঁচ মাস অপেক্ষা ও বারবার তাগাদা দেয়ার পরও কোনো প্রতিকার পাননি। উল্টো অভিযোগের নিষ্পত্তির আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, আত্মমর্যাদা, সম্মান ও জবাবদিহির প্রশ্নে আপস করতে চান না। তাই প্রচলিত রাজনৈতিক বিরোধে জড়িয়ে না পড়ে সম্মানের সঙ্গে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:







