সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় আসামি একুশে টিভির প্রতিনিধি শাহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৭:৫২

আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬ ১৭:৫৩

শেয়ার

জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় আসামি একুশে টিভির প্রতিনিধি শাহীন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর মোহাম্মদ শাহীনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, মাদক কারবারে পৃষ্ঠপোষকতা এবং কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি জুলাই আন্দোলনের সময় সহিংসতায় সম্পৃক্ততা এবং হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে চলাফেরার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের দাবি, সাবেক গণপূর্তমন্ত্রী ও তৎকালীন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে পুঁজি করে ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাপক প্রভাববলয় গড়ে তোলেন মীর মোহাম্মদ শাহীন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেসরকারি কমিউটার ট্রেন ‘তিতাস’ ও 'কর্ণফুলী’র পরিচালনার দায়িত্ব বাগিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে এসব ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, নিয়মিত জেলা আওয়ামী লীগের তহবিলে অর্থ জোগান দেয়ার অভিযোগ করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি।

তবে শাহীনের বিরুদ্ধে অভিযোগের পরিধি কেবল ট্রেন পরিচালনা কিংবা টিকিট কালোবাজারির মধ্যেই সীমাবদ্ধ নয়। স্থানীয় একাধিক সূত্রের আরও অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত বজায় রেখে তিনি দলটির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। এমনকি বর্তমান পরিস্থিতিতেও আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে অর্থায়নসহ নানা কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ফলে রাজনৈতিক পরিচয় ও অবস্থান আড়াল করে পর্দার আড়ালে তিনি কার স্বার্থে কাজ করছেন, কার পৃষ্ঠপোষকতায় প্রভাব বিস্তার করছেন এবং তাঁর অর্থের উৎস কী এসব প্রশ্ন সামনে আসছে।

সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়া নিয়েও রয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ঘনিষ্ঠতা ও কয়েকজন সাংবাদিকের সুপারিশে একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান শাহীন। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকায় মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের একাধিক আস্তানা গড়ে ওঠার পেছনে শাহীনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ছিল এবং এখনো রয়েছে। এসব আস্তানা থেকে নিয়মিত অর্থ আদায় করা হতো এবং আদায়কৃত অর্থের একটি অংশ তৎকালীন রাজনৈতিক প্রভাবশালীদের কাছে পৌঁছে দেয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া শাহীনের শ্যালক রনির বিরুদ্ধে কিশোর গ্যাং গড়ে তোলা ও পরিচালনার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর রনি দেশ ছেড়ে পালিয়ে যান। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকার আরেক বাসিন্দা মো. শামাউন মিয়া (২৭), ওরফে সামাউন, যিনি 'সামন' নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাসীদের ব্যবহার করে চাঁদাবাজি এবং সুদের কারবারও পরিচালনা করে আসছেন এই সাংবাদিক শাহীনের হাত ধরেই।

জুলাই আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় আন্দোলনবিরোধী সশস্ত্র আওয়ামী লীগ ক্যাডারদের তৎপরতায় শাহীনের নেতৃত্ব ও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলেও জানা গেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও স্থানীয় কিছু রাজনৈতিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে প্রকাশ্যে চলাফেরা করছেন তিনি। নিয়মিত জেলা প্রেসক্লাবেও যাতায়াত করছেন বলে দাবি স্থানীয়দের।

এদিকে শাহীনের নামে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর দায়ের করা এফআইআর নং-২২, জিআর নং-৪৬৪ (তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৪, সময়: রাত ১:৫ মিনিট) উল্লেখযোগ্য। মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এতো গুরুতর অভিযোগে মামলা থাকা সত্ত্বেও মীর শাহীনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা বা কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। একাধিক মামলা থাকার পরও তিনি কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে রয়েছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, মামলার সুষ্ঠু বিচার এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



আরও পড়ুন: