রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি রাষ্ট্রসংলাপ ফোরামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:০৫

আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ ২১:২০

শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি রাষ্ট্রসংলাপ ফোরামের
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আইনগতভাবে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর এবং জুলাই গণহত্যা, শাপলা চত্বরের ঘটনা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারসহ ছয় দফা দাবি জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।

রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে উত্থাপিত সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার অভিযোগ এবং দেশের সার্বিক স্থিতিশীলতা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি

সংবাদ সম্মেলনে মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৪ সালের ২৩ অক্টোবর নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম এবং ২০২৫ সালের ১২ মে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও মাঠপর্যায়ে এর কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না।

বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের তৎপরতা, অনলাইন প্রচারণা, বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, অস্ত্রের ব্যবহার ও নাশকতার অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও কোনো সংগঠনের তৎপরতা অব্যাহত থাকলে সেই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত সন্ত্রাস, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আইনগতভাবে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলের ব্যবস্থা নিতে হবে।

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর ও নড়াইলসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আসছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আগামী ডিসেম্বরে বড় ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা জোরদারেরও দাবি জানান তিনি।

জাতীয় ঐক্যের আহ্বান

দেশের সব রাজনৈতিক দল, জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন এবং গণতন্ত্রকামী শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শিক বিভেদ থাকতে পারে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী, বিএনপি, এনসিপি কিংবা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সংগঠনের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্যের বিকল্প নেই।

তিনি জানান, রাষ্ট্রসংলাপ ফোরাম ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী প্রায় ২০ থেকে ২৫টি সংগঠনের সঙ্গে আলোচনা করেছে। জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। শিগগিরই সাংগঠনিক ও রাজনৈতিক ভূমিকার মাধ্যমে এই ঐক্য মাঠপর্যায়ে দৃশ্যমান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন হামলা বা নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এসব সহিংস কর্মকাণ্ডে সরাসরি জড়িত, অর্থায়নকারী, পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য-প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি এবং প্রচলিত আইন অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ নিতে হবে। তাঁর বিরুদ্ধে আদালতে ঘোষিত রায় ও বিচারিক সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর করতে হবে।

সরকারের কাছে ছয় দফা দাবি

সংবাদ সম্মেলনে রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আইনগতভাবে নিষিদ্ধ করা: দলটির বিরুদ্ধে উত্থাপিত সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধকরণ এবং দলীয় নিবন্ধন বাতিলের ব্যবস্থা নিতে হবে।

২. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা: প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতে ঘোষিত রায় ও বিচারিক সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ নিতে হবে।

৩. জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

৪. শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করা: ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন, হতাহতের সঠিক তথ্য নিরূপণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।

৫. পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার: ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৬. গঙ্গা পানিবণ্টন চুক্তিতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা: বাংলাদেশের কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার স্বার্থে অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে চলতে পারে না। অতীতের অপরাধের বিচার নিশ্চিত না হলে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠা করা কঠিন হবে। রাষ্ট্রসংলাপ ফোরাম প্রতিহিংসার রাজনীতি নয়, বরং অপরাধের বিচার, নিরপরাধ মানুষের নিরাপত্তা এবং সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়।

তারা আরও বলেন, উত্থাপিত ছয় দফা দাবি কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থের বিষয় নয়। এগুলো ন্যায়বিচার, জাতীয় সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ও জনগণের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এসব দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর আইনগত, বিচারিক ও কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রসংলাপ ফোরামের সহসভাপতি ও শহীদ সোহেল রানার ছোট ভাই আলভি নাবিল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহসিন সরোয়ার, উপদেষ্টা জনাব টুটুল সাখাওত, আবু নোমান, ইমরান হোসেন ইমুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



আরও পড়ুন: