ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য পথ খুঁজতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। রবিবার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় গিয়ে তারা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিদর্শনকারী চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
সীমান্তে দুই ঘণ্টার বৈঠক
প্রাপ্ত তথ্যমতে, সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন ওই চার নেতা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা।
সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর বিকেল ৩টা ৫০ মিনিটে তারা পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়ানোর চেষ্টা করেন তারা।
বিকল্প সীমান্তপথও পর্যবেক্ষণের পরিকল্পনা
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য একটি পথের ওপর নির্ভর না করে বিকল্প রুট নিয়েও ভাবছেন আওয়ামী লীগের নেতারা। এ পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণ করা হবে।
আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।
পাসপোর্ট ও এনআইডি নিয়ে দিল্লির অনুরোধ
নিউজ ১৮ ও এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে অনুরোধের ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, একটি রুটের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা খোলা রাখার পরিকল্পনা থেকে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্তও খতিয়ে দেখছেন আওয়ামী লীগের নেতারা।
আরও পড়ুন:







