বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ফেরাউনের মতো সমুদ্রে ডুবে গেছেন। তিনি এখন আর দৃশ্যমান নন। তাঁর লোকজনের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, আর সেসব বার্তা হিংস্রতা ও রক্তপাত ঘটানোর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ককটেল বিস্ফোরণে অর্থ দেওয়ার অভিযোগ
রিজভী বলেন, আওয়ামী লীগের কাছে অনেক টাকা রয়েছে। বাংলাদেশ ব্যাংক, মেট্রোরেল, পদ্মা সেতু ও বিভিন্ন মেগা প্রকল্প থেকে লুট করা টাকা তাদের কাছে রয়েছে। অনেকে বলছেন, বিকাশের মাধ্যমে একটি ককটেল বিস্ফোরণের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের এসব টাকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ ও নাশকতার অভিযোগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনার একটাই নেশা, প্রতিশোধ আর রক্তের নেশা। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তাঁর সেই নেশা যায়নি। বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটানো হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, আগুন-সন্ত্রাসের জবাবে বিএনপি কোনো হিংসাত্মক কাজ করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলে কঠোরভাবে এসব ঘটনা দমন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যারা মানুষের রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি
রিজভী বলেন, জাতীয় সংসদে আইন করে আওয়ামী লীগকে জাতীয় শয়তান হিসেবে চিহ্নিত করার ব্যবস্থা করা উচিত। শয়তানের কোথাও কোনো জায়গা নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ অর্জন করেছেন। যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে, নতুন করে এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই।
আরও পড়ুন:







