জুলাই আন্দোলনের অগ্রনায়ক তারুণ্যের অংহকার ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে গভীর রাতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত।
রবিবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এক যৌথ বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “জননিরাপত্তা নিশ্চিতের ব্যর্থতার দায় সরকার প্রধান এড়াতে পারবে না”। নেতৃবৃন্দ বলেন, যেখানে বিগত কয়েকদিন থেকে সারাদেশে ধারাবাহিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসে লিপ্ত রয়েছে; যেখানে সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছে; যেখানে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে সেখানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিলজ্জের মতো দাবি করছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে!
আইনশৃঙ্খলা কার নিয়ন্ত্রণে রয়েছে প্রশ্ন রেখে নেতৃবৃন্দ বলেন, যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে তবে কেন বারবার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটছে?- তাহলে কী সরকারের মদদে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটছে? নেতৃদ্বয় বলেন, প্রকৃত সত্য হচ্ছে আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে নেই! আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হওয়ার পরও যখন তিনি স্বপদে বহাল থাকেন তখন বুঝতে বাকি থাকে না মন্ত্রীসভা প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে মন্ত্রীসভা পরিচালিত হচ্ছে কি-না আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে জাতির সামনে স্পষ্ট করতে নেতৃবৃন্দ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, কোনো নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করলে পরাজিত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদ আগুন সন্ত্রাসে লিপ্ত হতে পারে না। নির্বাচনের আগে বিএনপি বারবার দাবি করেছিল রাষ্ট্র পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে তারা সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পুর্নগঠন সম্ভব হবে। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন পরবর্তী বিগত ৯ মাসে বিএনপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে। বিএনপি সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা দেখে মনে হচ্ছে রাষ্ট্র বিএনপি সরকার চালাচ্ছে না , রাষ্ট্র চালাচ্ছে পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠীর গুপ্ত দোসর ও আধিপত্যবাদের অনুসারীরা।
ডাকুস ভিপি সাদিক কায়েমের বাড়িসহ যতগুলো বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত সরকারের ভেতরের এবং বাইরের ফ্যাসিবাদের দোসর আওয়ামী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যদি এর ব্যত্যয় ঘটে তবে জনগণ সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।
উল্লেখ শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। পরবর্তীতে তাদের শৌরচিৎকারে আসপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় জননিরাপত্তায় রাতের টহল পুলিশের ভূমিকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন:







