কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান বলেছেন, জুলাইয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে শুধু থানা পোড়ানো হয়েছে, কাউকে হত্যা করা হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা, দলটির রাজনৈতিক ভবিষ্যৎ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকে রাখা যাবে না। কোনো দলকে আজীবনের জন্য নিষিদ্ধ করে রাখার চেয়ে জনগণের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেয়া উচিত। তবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সে জন্য দলটির ক্ষমা চাওয়া উচিত।
তিনি বলেন, কোনো দলের কেউ অপরাধ করলে সঠিক বিচারের মাধ্যমে তার শাস্তি হওয়া উচিত। এ নিয়ে তাঁর কোনো আপত্তি নেই। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা রাখা এবং ৩০ শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে—এমন একটি রাজনৈতিক দলকে বন্ধ করে রাখা সমীচীন বলে মনে করেন না তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার বিষয়ে তিনি বলেন, একটি দলকে দীর্ঘদিন বন্ধ করে রাখা অনেকটা নদীতে বাঁধ দেয়ার মতো। নদীর স্রোত আটকে দিলে একসময় পানি অন্য দিক দিয়ে উপচে পড়ে। যেদিন সেই বাঁধ ভেঙে যাবে, সেদিন লোহার বাঁধ দিয়েও স্রোত থামানো যাবে না। তাই দলটি নিষিদ্ধ করার পেছনে সুনির্দিষ্ট কারণ ও ব্যাখ্যা থাকা প্রয়োজন।
মুসলিম লীগের উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, দলটি একসময় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং পাকিস্তানের ক্ষমতায়ও ছিল। অথচ এখন নির্বাচনে দলটি কোনো আসনেই জামানত রক্ষা করতে পারে না। জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকেও জনগণের মাধ্যমে প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ দেয়া উচিত।
এ সময় জামায়াতের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন ফজলুর রহমান। তিনি বলেন, জামায়াত একসময় বিএনপিকে ধাক্কা দেবেই, এটা তিনি চেয়ে চেয়ে দেখছেন। সংসদে দুই দল যখন দুই ভাইয়ের মতো আনন্দে মেতে ওঠে, তখন তিনি বিষয়টি পর্যবেক্ষণ করেন।
দেশের অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বাধার অভিযোগ তুলে তিনি বলেন, কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ঠিকমতো রাজনীতি করতে পারছে না। মূলত বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যেই রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ হয়ে পড়েছে।
তাঁর অভিযোগ, কমিউনিস্ট পার্টি, জাসদ ও বাসদকে সভা-সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না। মিছিল করতে গেলে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। সংবিধান নিয়ে আলোচনা করতে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে। এভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, ছাত্রদল, যুবদল, জামায়াত কিংবা এনসিপির পরিচয়ে কেউ বাড়িঘরে আগুন দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। শুধু আওয়ামী লীগের অপরাধের কথা বললে হবে না, অন্য দলের কেউ অপরাধ করলেও একইভাবে আইনের আওতায় আনতে হবে।
তিনি প্রশ্ন তোলেন, সরকার কি একচোখা আইন প্রয়োগ করছে? অন্য কেউ অপরাধ করলে ব্যবস্থা নেয়া হবে, অথচ নিজ দলের লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা আইনের ঊর্ধ্বে থাকবে—এমনটা হতে পারে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।
সবশেষে জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগকে ঠেকানোর নামে জামায়াতের সঙ্গে বিএনপির নতুন করে ঐক্যের ঘোষণা দেয়া হয়েছে। এই ঐক্যে বিএনপি লাভবান হবে, নাকি আরও বড় বিপদের মুখে পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে তাঁর।
আরও পড়ুন:







