রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

আওয়ামী লীগ দেশের পাহারাদার: আমজনতার তারেক

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২১:৫০

শেয়ার

আওয়ামী লীগ দেশের পাহারাদার: আমজনতার তারেক
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সফরসঙ্গী হিসেবে যাওয়ার পর থেকেই, ব্যাপকভাবে আলোচনায় আসেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। সে সময় থেকেই তাঁর নানা মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় বিতর্ক। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির চেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে, দেশজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে তাঁর ধারাবাহিক বক্তব্যগুলো নতুন করে সামনে এসেছে।

আওয়ামী লীগকে সহনশীল ও পাহারাদার আখ্যা

সম্প্রতি, এক গণ্যমাধ্যমে আলোচনার সময় আমজনতা দলের তারেক রহমান দাবি করেন, রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ জামায়াতের চেয়ে তুলনামূলক সহনশীল। তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর আরেকটি বক্তব্যে তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেশের পাহারাদার হিসেবে আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগ না থাকলে দেশ বিলীন হয়ে যাবে। শুধু নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নয়, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপিকেও এক ধরনের পরামর্শ দেন তিনি, যেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন আয়োজন করা না হয়।

জামায়াত মোকাবিলায় আওয়ামী লীগের উপস্থিতি অপরিহার্য

অন্য একটি বক্তব্যে তাঁর দাবি ছিল, রাজনৈতিক ময়দানে জামায়াতকে মোকাবিলা বা নিয়ন্ত্রণে রাখতে হলে আওয়ামী লীগের উপস্থিতি অপরিহার্য, তাঁর ভাষায়, আওয়ামী লীগ ছাড়া জামায়াতকে কেউ সোজা করতে পারবে না। এ ছাড়া ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচার সরকার ও তার দল গুম, খুন ও বিরোধী নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা-নির্যাতন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি চালিয়ে হত্যা করে অসংখ্য মানুষকে। তবে, যেন বেমালুম সেসব ভুলে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়ার দাবি তোলেন আমজনতা দলের এই নেতা।

রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা

বিশ্লেষকদের মতে, যখন বিদেশে অবস্থানরত শক্তি ও ফ্যাসিবাদী বা স্বৈরাচারী তৎপরতার বিরুদ্ধে দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির করছে, ঠিক তখনই এ ধরনের ধারাবাহিক বয়ান রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে। অনেকের আশঙ্কা, এই আলোচনা ও বক্তব্যগুলো নিষিদ্ধ বা কোণঠাসা থাকা শক্তিকে মানসিকভাবে উৎসাহিত করতে পারে, এমনকি তাদের পুনরায় সংগঠিত হওয়া বা ফিরে আসার সম্ভাবনাকে ঘিরে নতুন করে হিসাব-নিকাশ শুরু হতে পারে। সবমিলিয়ে, আমজনতা দলের সদস্যসচিবের ধারাবাহিক এই বক্তব্যগুলো এখন কেবল ব্যক্তিগত মতামত হিসেবে সীমাবদ্ধ নেই বরং তা সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও মেরুকরণের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পক্ষে বয়ান উৎপাদনের শামিল।