রবিবার

২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

আ. লীগকে সংলাপে রাখতে চরমোনাই পীরের আহ্বান; প্রতিবাদ করায় হুমকিতে ফারুকী

নিজস্ব প্রতিবেদক বাংলা এডিশন

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:৪২

শেয়ার

আ. লীগকে সংলাপে রাখতে চরমোনাই পীরের আহ্বান; প্রতিবাদ করায় হুমকিতে ফারুকী
ছবি সংগৃহীত

চরমোনাই পীরকে নিয়ে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকির সতর্কতামূলক বক্তব্য। আর সেই বক্তব্যের জেরেই তাকে হত্যা, মারধর ও দেখে নেয়ার একের পর এক হুমকি দেয়া হয়।

ঘটনার সূত্রপাত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের একটি বক্তব্যকে কেন্দ্র করে। যে বক্তব্যে চরমোনাই পীর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে একসঙ্গে সংলাপে বসার আহ্বান জানান।

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনার ঝড়। আর সেই আলোচনা-সমালোচনার মধ্যেই ২০ নভেম্বর শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চরমোনাই পীরকে নিয়ে বক্তব্য দেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকি।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকীর বক্তব্য

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এবং নায়েবে আমির মুফতি ফয়জুল করিমকে ভিনদেশি গোয়েন্দা সংস্থাগুলোর এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে আখ্যা দেন ফাহিম ফারুকি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।

পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের রাজনীতিকে আবারও প্রাসঙ্গিক করার বক্তব্যের প্রসঙ্গেও, চরমোনাই পীরের বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন ফাহিম ফারুকি।

হুমকির অভিযোগ

এদিকে, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকির এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরই তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পোস্ট, মেসেঞ্জারসহ নানা মাধ্যমে প্রাণনাশের হুমকি এবং মারধরের ভয় দেখানোর অভিযোগ উঠেছে।

ফাহিম ফারুকীর অবস্থান স্পষ্টকরণ

আর এরই ধারাবাহিকতায় একটি ভিডিও বার্তায় চরমোনাই পীরকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ফাহিম ফারুকি। ফারুকির দাবি, চরমোনাই পীরের প্রতি তার সর্বোচ্চ সম্মান রয়েছে। তবে আওয়ামী লীগকে সংলাপে ডাকার বক্তব্যে ক্ষুব্ধ হয়েই তিনি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে দাবি করেন।

একইভাবে চরমোনাই পীরকে নিয়ে নিজের বক্তব্যে অগ্রহণযোগ্য কোনো শব্দ ব্যবহার করে থাকলে, সে জন্যও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন মঞ্চ ২৪-এর এই আহ্বায়ক।

তবে, আওয়ামী লীগ এবং ভিনদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে চরমোনাই পীরের যোগসাজশের বিষয়ে নিজের বক্তব্য ও অভিযোগ প্রত্যাহার করেননি বলেও জানান তিনি।

সব মিলিয়ে, রাজনীতিতে মতের অমিল থাকবে, থাকবে বক্তব্যের বিপরীতে পাল্টা বক্তব্যও। কিন্তু ভিন্নমতের কারণে কাউকে প্রাণনাশের হুমকি দেয়া কিংবা শারীরিকভাবে আক্রমণের ভয় দেখানো কতটা গ্রহণযোগ্য? মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতার প্রশ্নে এই ঘটনাই এখন নতুন করে সামনে আনছে উদ্বেগ।